কানাডার উপনির্বাচনে ডলি বেগম জয়ী: প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে অটোয়া পার্লামেন্টে
কানাডার মূলধারার রাজনীতিতে এক নতুন ইতিহাস সৃষ্টি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। গত সোমবার (১৩ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত ফেডারেল উপনির্বাচনে স্কারবোরো সাউথওয়েস্ট আসন থেকে বিশাল ব্যবধানে জয়ী হয়ে তিনি প্রথমবারের মতো কানাডার পার্লামেন্টের সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন।
লিবারেল পার্টির প্রার্থী হিসেবে লড়ে ডলি বেগম তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডায়ানা ফিলিপোভাকে বিপুল ভোটে পরাজিত করেন। এর আগে তিনি একই এলাকা থেকে অন্টারিও প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিপি) এবং প্রাদেশিক এনডিপি দলের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নির্বাচনী ফলাফল
প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ডলি বেগম ২০ হাজার ১১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী পেয়েছেন ৫ হাজার ৩০০ ভোট। ফেডারেল রাজনীতিতে নামার লক্ষ্যে তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রাদেশিক পরিষদ থেকে পদত্যাগ করে লিবারেল পার্টিতে যোগ দিয়েছিলেন। এই জয়ের মাধ্যমে তিনি বিল ব্লেয়ারের স্থলাভিষিক্ত হলেন।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
মৌলভীবাজার থেকে অটোয়া
ডলি বেগম ১৯৮৯ সালে বাংলাদেশের মৌলভীবাজার জেলায় জন্মগ্রহণ করেন। শৈশবে মা–বাবার সঙ্গে কানাডায় পাড়ি জমান। তাঁর বেড়ে ওঠা ও পড়াশোনা টরন্টোর স্কারবোরো এলাকায়। ইউনিভার্সিটি অব টরন্টো থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি দীর্ঘ সময় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে যুক্ত ছিলেন।
২০১৮ সালে প্রথমবার প্রাদেশিক সদস্য (এমপিপি) নির্বাচিত হন। এরপর তিনি ২০২২ সালে আবার নির্বাচিত হন। তখন তিনি ছিলেন কানাডার প্রাদেশিক কোনো আইনসভায় নির্বাচিত হওয়া প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি।