সিডনিতে দুর্ঘটনায় আহত শিক্ষার্থীকে সহায়তা দিলেন স্থানীয় প্রবাসীরা

সিডনিতে আহত বাংলাদেশি এক শিক্ষার্থীকে চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সংগৃহীত ১০ হাজার ৬০০ অস্ট্রেলীয় ডলার (বাংলাদেশি প্রায় ১০ লাখ টাকা) তাঁর পরিবারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ–অস্ট্রেলিয়া দুর্যোগ ত্রাণ কমিটি (বিএডিআরসি)ছবি: বিএডিআরসি

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশি এক শিক্ষার্থীকে চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সংগৃহীত ১০ হাজার ৬০০ অস্ট্রেলীয় ডলার (বাংলাদেশি প্রায় ১০ লাখ টাকা) তাঁর পরিবারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ–অস্ট্রেলিয়া দুর্যোগ ত্রাণ কমিটি (বিএডিআরসি)। প্রবাসীদের সহায়তায় পাওয়া এই অর্থ সম্প্রতি সিডনির লিভারপুল হাসপাতালের ব্রেইন ইনজুরি পুনর্বাসনকেন্দ্রের সামনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

উচ্চশিক্ষার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সিডনিতে গিয়ে পড়াশোনার পাশাপাশি কাজ করছিলেন ওই শিক্ষার্থী। প্রায় পাঁচ মাস আগে এক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি লিভারপুল হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার খবর পেয়ে বাংলাদেশ থেকে সিডনিতে যান তাঁর বাবা। প্রবাসে ছেলের দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় বহন করা তাঁর জন্য কঠিন হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে মানবিক তহবিল সংগ্রহের উদ্যোগ নেয় বাংলাদেশ–অস্ট্রেলিয়া দুর্যোগ ত্রাণ কমিটি (বিএডিআরসি)। সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন সংবাদমাধ্যম ও প্রবাসীদের ব্যক্তিগত সহযোগিতায় এই অর্থ সংগ্রহ করা হয়। অর্থ হস্তান্তর অনুষ্ঠানে শিক্ষার্থীর বাবা, তাঁর বন্ধু, সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

তহবিল হাতে পেয়ে আহত শিক্ষার্থীর বাবা প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ছেলের সুস্থতার জন্য দোয়া চান।

সংগঠনের সভাপতি আজাদ আলম বলেন, ‘দেশের দুর্যোগে পাশাপাশি প্রবাসে যেকোনো মানবিক প্রয়োজনে বাংলাদেশিরা সব সময় এগিয়ে এসেছেন। এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’