কুয়ালালামপুরে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বিএসওএম-এর জোনাল মিট অ্যান্ড গ্রিট সেশন অনুষ্ঠিত

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)-এর কুয়ালালামপুর জোনাল কমিটির উদ্যোগে ‘মিট অ্যান্ড গ্রিট সেশন’ সোমবার কুয়ালালামপুরের তিতিওয়াংসা পার্কে অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের সদস্যরা আগামী তিন মাসের কর্মপরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

বিএসওএম সভাপতি আসাদুল্লাহ আল গালীব (রাব্বি)-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাবরিনা সূচনা ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন সাইয়ারা জামান।

অনুষ্ঠানটি শুরু হয় সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও পরিচিতি পর্বের মাধ্যমে। পরে অনুষ্ঠিত হয় বল পাসিং গেম, সংগীত পরিবেশনা ও বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম, যা অংশগ্রহণকারীদের মধ্যে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে। অংশগ্রহণকারীদের জন্য দেশীয় খাবারের বিশেষ আয়োজন রাখা হয়, যাতে প্রবাসে থেকেও তারা দেশের স্বাদ ও সাংস্কৃতিক আবহ অনুভব করতে পারেন।

অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক খোকন খন্দকার ও তৌপাজ্জল হোসাইন। এ ছাড়া আল আমিন হোসেন, ফুয়াদ আহমেদ সাকিব, রুসো আহমেদ, প্রিন্স, জিসান, সানুসহ অন্য সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। এতে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

সংগঠনের নেতারা জানান, আগামী তিন মাসে শিক্ষার্থীদের জন্য শিক্ষা, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ভলান্টিয়ারিং ও কমিউনিটি কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম) ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করা, নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন এবং শিক্ষা ও সংস্কৃতির প্রসারে সংগঠনটি শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

লেখক: আসাদুল্লাহ আল গালীব রাব্বি, শিক্ষার্থী ও সভাপতি, বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম) কুয়ালালামপুর, মালয়েশিয়া