সিডনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনদের জমকালো নৌভ্রমণ
সিডনির নীল জলরাশিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এক বর্ণাঢ্য ও আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১৯ এপ্রিল ২০২৬) ‘নববর্ষে নব কিরণে—এস মিলি নৌবিহারে’ স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালমনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া এই বিশেষ নৌভ্রমণের আয়োজন করে। সিডনি হারবারে দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারবর্গের প্রায় ৩৫০ জন সদস্য অংশ নেন।
দুপুরে যাত্রা শুরু করার পর মধ্যাহ্নভোজ এবং এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি কামরুল মান্নান আকাশ তাঁর বক্তব্যে সামগ্রিক পরিবেশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘প্রবাসের কর্মব্যস্ত জীবনে প্রিয় বিশ্ববিদ্যালয়ের চিরচেনা মুখগুলোর সঙ্গে এমন একটি দিন কাটাতে পারা আমাদের নিজেদের বন্ধন আরও দৃঢ় করার একটি সেতু। সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি আর আনন্দ দেখে আমাদের পরিশ্রম আজ সার্থক হয়েছে বলে মনে হয়।’
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
সাকিনা আকতারের উপস্থাপনায় সাংস্কৃতিক পর্বে কোরাস, কবিতা আবৃত্তি এবং স্থানীয় শিল্পীদের সংগীত পরিবেশনা উপস্থিত শ্রোতাদের বিমোহিত করে। অনুষ্ঠানের শেষ অংশে ছিল র্যাফল ড্র ও পুরস্কার বিতরণ।
নৌভ্রমণে অংশ নেওয়া প্রাক্তন শিক্ষার্থী জাহিদ মাহমুদ বলেন, ‘অপেরা হাউস আর হারবার ব্রিজের পাশ দিয়ে আমাদের এই নৌবিহার যেন এক টুকরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিণত হয়েছিল।’
বিশ্ববিদ্যালয়ের আরেক প্রাক্তন শিক্ষার্থী নাজমুল হক বলেন ‘সৌহার্দ্য ও আনন্দঘন আয়োজনে শেষে সন্ধ্যায় হাসিমুখে যখন ফিরে এলাম, তখন সারা দিনের ক্লান্তি সব মুছে গেছে।’