বার্লিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ৭৩ বছর আগে যে প্রভাতফেরির প্রচলন হয়েছিল, তার প্রতীকী রূপের দেখা মিলল বার্লিন রাজপথে। গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) জার্মানির রাজপথে প্রভাতফেরির অনুকরণে সন্ধ্যাফেরি। সাদাকালো শাড়ি ও পাঞ্জাবি পরে বার্লিনের রাস্তায় ধ্বনিত ‘আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ ভাষা আন্দোলনের সেই অমর গান।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
দুপুর থেকে আয়োজিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মূল অনুষ্ঠান। সুরের ছোঁয়ায় বাঙালি সংস্কৃতি ও বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি গেয়ে অনুষ্ঠানটি শুরু হয়। বার্লিনে এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক পরিসরে দিবসটিকে ছড়িয়ে দেওয়া। সেই লক্ষ্য সামনে রেখে অনুষ্ঠানে বাংলা ভাষা ছাড়াও অন্যান্য ভাষাকে মূল অনুষ্ঠানে গুরুত্ব দেওয়া হয়।
একুশের আন্তর্জাতিকতাকে সামনে রেখে এবার বাংলা গান, কবিতার পাশাপাশি ভারতীয় কবি জাভেদ আখতারের মূল কবিতা আবৃত্তি, মেক্সিকো থেকে আসা শিল্পীদের অনবদ্য অংশগ্রহণ অনুষ্ঠানে নতুন মাত্রা এনে দেয়।
অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তির পাশাপাশি একটি পোস্টার প্রদর্শনীও ছিল। পোস্টারগুলোতে বাংলাদেশের বাংলা ভাষা আন্দোলনের ইতিহাসের পাশাপাশি ভারতের বরাক উপত্যকার ভাষা আন্দোলন, কুর্দি ভাষাভাষীদের ওপর চলে আসা ভাষাভিত্তিক নিপীড়ন, দক্ষিণ আফ্রিকা ও জর্জিয়ার ভাষা আন্দোলনগুলোর ইতিহাসও তুলে ধরা হয়।
বার্লিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ইফতারের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।