ছুটিতে থাকা প্রবাসীদের সুখবর দিল কুয়েত
ছুটিতে থাকা প্রবাসীদের সুখবর দিল কুয়েত সরকার। দেশটির সরকারের নতুন আইন অনুযায়ী কারও কারও ভিসার মেয়াদ তিন থেকে চার মাস পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে কুয়েত সরকার নতুন একটি আইন চালু করেছে। ইসরায়েল ও ইরানের মধ্য যুদ্ধের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কুয়েতের বাইরে ছুটিতে আছেন, এমন প্রবাসীদের জন্য ভিসা বা আকামার মেয়াদ অতিরিক্ত তিন মাস বর্ধিত করার ঘোষণা করেছে দেশটির সরকার। এর ফলে গৃহকর্মী বা ২০ নম্বর আকামার প্রবাসীদের ছুটির মেয়াদ ৪ মাস থাকলেও নতুন আইনে আকামা মেয়াদোত্তীর্ণ হওয়ার আশঙ্কা থাকলে স্বয়ংক্রিয়ভাবে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে তিন মাস বর্ধিত হবে। তিন মাসের অনুপস্থিতির অনুমতি প্রদান করা হবে। কোনো ধরনের ফি ছাড়াই নবায়ন হয়ে যাবে। দেশটির উদ্ভূত পরিস্থিতি শিথিল না হলে উল্লিখিত সময়কাল আরও বাড়ানো হতে পারে।
একইভাবে ১৮ নম্বর আকামাধারী ব্যক্তিরাও একই সুযোগ–সুবিধার আওতায় পড়বেন। সব ধরনের ভিজিট এন্ট্রি ভিসার ক্ষেত্রে ২৮ ফেব্রুয়ারি থেকে এক মাসের জন্য মেয়াদ বাড়ানো হবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করে।
মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্য যুদ্ধের কারণে ছুটিতে যাঁরা কুয়েত ছেড়ে নিজ নিজ দেশে গিয়ে আটকা পড়েছেন, তাঁরা এ সুযোগ পাবেন।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]