সিঙ্গাপুরে ‘পার্টনার অব দ্য লেবার মুভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন প্রবাসী বাংলাদেশি মেহেদী হাসান

ছবি: লেখকের পাঠানো

সিঙ্গাপুরে এনটিইউসি ‘পার্টনার অব দ্য লেবার মুভমেন্ট’ মে ডে অ্যাওয়ার্ড পেয়েছেন প্রবাসী বাংলাদেশি মো. মেহেদী হাসান। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও গ্রামের ছেলে। গত বুধবার সিঙ্গাপুরে অর্কিড কান্ট্রি ক্লাব, গ্র্যান্ড বলরুমে এই অ্যাওয়ার্ড প্রদানের আয়োজন করা হয়। অত্যন্ত জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে এনটিইউসির মহাসচিব এনজি চি মেং-এর কাছ থেকে মো. মেহেদী হাসান অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

মো. মেহেদী হাসান দীর্ঘদিন এমডব্লিউসি সদস্যপদ প্রচারের বাইরেও ফেয়ারপ্রাইস, পিপলস অ্যাসোসিয়েশন, সিঙ্গাপুর পুলিশ ফোর্স, ডরমিটরি অপারেটর, দাতব্য সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ভলান্টিয়ারের দায়িত্বের মাধ্যমে এমডব্লিউসির কল্যাণমূলক কার্যক্রমে কাজ করেন। এ ছাড়া তিনি সহকর্মীদেরও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম, কর্মশালা ও প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণের মাধ্যমে অভিবাসী কর্মীদের উন্নয়নে উৎসাহিত করেন।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

সিঙ্গাপুরে প্রতারণা সম্পর্কে সচেতনতা, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও দুর্ঘটনায় সহায়তার মাধ্যমগুলোর ওপর গুরুত্বপূর্ণ বার্তা অভিবাসী কর্মীদের মাঝে তুলে ধরেন। এ ছাড়া তিনি সিঙ্গাপুরের নিয়মকানুন সম্পর্কে সঠিক দিকনির্দেশনা দিয়ে থাকেন।

মো. মেহেদী হাসান এনটিইউসি মাইগ্র্যান্ট ওয়ার্কার্স সেন্টার (এমডব্লিউসি)-কে সক্রিয়ভাবে সমর্থন করার মাধ্যমে অভিবাসী কর্মীদের কাছে তিনি নিবেদিতপ্রাণ। একই সঙ্গে সহজলভ্য প্রবক্তা হিসেবে কাজ করে আসছেন। তিনি এমডব্লিউসির একজন বলিষ্ঠ সমর্থক। তিনি নিয়মিতভাবে সহকর্মীদের কাছে ব্যাখ্যা করেন যে কীভাবে এমডব্লিউসির সদস্যপদ অভিবাসী কর্মীদের দৈনন্দিন জীবনে উপকার করবে।

মো. মেহেদী হাসানের কাছে পুরস্কারের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রবাসের মাটিতে যেকোনো পুরস্কার স্বপ্নের মতো। এই পুরস্কারের মাধ্যমে আমার আরও বেশি দায়িত্ব বেড়ে গেল। আগামীতে আমি আরও বেশি দায়িত্বশীল ও কঠোর পরিশ্রমী হয়ে অভিবাসী কর্মীদের সঠিক দিকনির্দেশক হিসাবে কাজ করবো। একই সঙ্গে আমার এই অর্জন সিঙ্গাপুরের মাটিতে বাংলাদেশের মর্যাদা আরও বেশি বৃদ্ধি পাবে।

ছবি: লেখকের পাঠানো

মেহেদী হাসানের বন্ধুত্বপূর্ণ ও সহজ–সরল স্বভাবের কারণে অভিবাসী কর্মীরা তাঁর কাছ থেকে সঠিক নির্দেশনা নিতে স্বাচ্ছন্দ্যবোধ করে।

উল্লেখ্য, সিঙ্গাপুরে সর্বপ্রথম ২০২৫ সালে এনটিইউসির পার্টনার অব দ্য লেবার মুভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন মেহেরপুর জেলার মুজিবনগর থানার মহাজনপুর গ্রামের সুমন বিশ্বাস।