জার্মানিতে ব্যাপক তুষারপাতে জনজীবন বিপর্যস্ত
জানুয়ারির শুরুতেই জার্মানিতে তীব্র তুষারপাত শুরু হয়েছে। হিমশীতল আবহাওয়া গোটা জার্মানিতে জেঁকে বসেছে। তবে দক্ষিণ জার্মানিতে এর প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। তুষার ও বরফময় আবহাওয়ায় জার্মানির জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। এমন বৈরী আবহাওয়ায় খুব কম মানুষই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন। ইতিমধ্যে হামবুর্গে দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। দক্ষিণ জার্মানির বাভারিয়া রাজ্যে তুষারপাত সবচেয়ে বেশি হয় বরাবরের মতোই। গতকাল শুক্রবার থেকে দক্ষিণ জার্মানির অনেক ট্রেন ও বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে।
হামবুর্গ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটের বরাতে জানা গেছে, তুষারপাতের কারণে হামবুর্গ শহরের আশপাশের সড়ক ও মহাসড়কগুলো পিচ্ছিল হয়ে গেছে, যার ফলে বেড়েছে সড়ক দুর্ঘটনা। স্থানীয়ভাবে সংবাদে বলা হয়, আবাসিক এলাকায় পিচ্ছিল সড়কে বেশ কিছু বাইসাইকেল দুর্ঘটনা ঘটেছে।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
এদিকে জার্মানির রেল কর্তৃপক্ষ ‘ডয়েচে বান’ জানিয়েছে তুষারের প্রকোপে জার্মানির রেল যোগাযোগব্যবস্থায় বড় ধরনের ব্যাঘাত ঘটতে পারে। সপ্তাহান্তে প্রবল তুষারপাতে দক্ষিণ জার্মানির বেশির ভাগ অংশে রেল ট্রাফিক অচল হয়ে পড়তে পারে।
তবে এই বছরের তীব্র শীতে তুষারপাত উপেক্ষা করেও অনেক শিশু বাবা–মায়ের সঙ্গে স্কি খেলতে বের হচ্ছে। বছরের এই দিনগুলো শুভ্র প্রকৃতির রূপ অনেক জার্মানরা দল বেঁধে পরিবার নিয়ে উপভোগ করেন।
জার্মানির প্রায় সব শহরেই তুষারপাতের মধ্যে যানবাহন চলাচলে সতর্কতা জারি করেছে ফায়ার সার্ভিস। জার্মানির আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই হিমশীতল আবহাওয়া আরও কয়েক দিন স্থায়ী হবে।