মিশিগানে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল অনুষ্ঠিত
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের (বাম) উদ্যোগে মিশিগানে ২৫ ও ২৬ জুলাই অনুষ্ঠিত হলো ১৭তম ‘বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল’।
গত শনি ও রোববার ওয়ারেন সিটি স্কয়ারে উৎসবমুখর পরিবেশে এ মেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক প্রবাসী বাঙালিরা এ মেলায় অংশগ্রহণ করেন। মেলা পরিণত হয় মিলনমেলায়, যেন ছোট্ট এক টুকরা লাল-সবুজের বাংলাদেশ।
মেলায় বাংলাদেশের ও উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পীরা অংশগ্রহণ করেন। মেলায় ছিল আকর্ষণীয় র্যাফল ড্র, প্রথম পুরস্কার ছিল একটি গাড়ি। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল নৃত্য, গান। এ ছাড়া ছিল দেশীয় আড্ডা, ছিল রকমারি স্টলে বাংলাদেশি কাপড়, খেলনা, ঘর সাজানোর জিনিস ও বিভিন্ন স্বাদের খাবারের দোকান।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
অনুষ্ঠানে গান গেয়েছেন বাউলশিল্পী কালা মিয়া, সংগীতশিল্পী কনা, মুজা, অনিক রাজ, রনি, বাংলা স্কুলের শিক্ষানবিশ শিল্পীবৃন্দ, আমজাদ এবং টেন এনড হাফ ব্যান্ডসহ স্থানীয় শিল্পীরা।
সংগঠনের স্বেচ্ছাসেবকসহ ওয়ারেন পুলিশ মেলার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। আমেরিকার মূলধারার রাজনীতিবিদ, সিটি অফিসিয়েলসহ অনেকে এ মেলায় আসেন ও বক্তব্য দেন। সব বয়সী মানুষের জন্য ছিল বিনোদনের ব্যবস্থা। ওয়ারেন সিটি স্কয়ারের বিরাট মাঠে প্রবীণ অনেককে আড্ডা দিতে এবং ছোট ছোট শিশু-কিশোরদের খেলাধুলা করতে দেখা যায়। প্রতিদিন দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত মেলার কার্যক্রম চলে। সংগঠনের সভাপতি জাবেদ চৌধুরী বলেন, ‘প্রতিবারের মতো এবারও মেলায় আমরা বাংলাদেশি আমেরিকান ঐতিহ্য, কৃষ্টি তুলে ধরার চেষ্টা করেছি, বিশেষ করে এখানে বেড়ে ওঠা নতুন প্রজন্ম যেন বাংলা ও বাঙালিত্ব সম্পর্কে জানতে পারে এবং মিশিগানপ্রবাসী বাঙালিদের বিনোদন দেওয়ার চেষ্টা করেছি।’ তিনি সবাইকে এ মেলায় উপস্থিত থেকে, অংশগ্রহণ করে সাহায্য, সহযোগিতা করে মেলাটি সুন্দর ও সফল করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।