জেদ্দায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে গতকাল শনিবার সকালে (২১ ফেব্রুয়ারি) ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬’ পালিত হয়েছে। জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটে সূর্যোদয়ের সাথে সাথে কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন কর্তৃক জাতীয় সংগীতের সুর মূর্ছনায় জাতীয় কর্মসূচির আলোকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করণের মাধ্যমে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ অনুষ্ঠানের সূচনা হয়।

একুশের প্রথম প্রহরে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল, কনস্যুলেটের সব কর্মকর্তা–কর্মচারী, পরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বাংলাদেশ বিমান প্রতিনিধি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যম; মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিএনপি ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। দিবসটি পালনের উদ্দেশে জেদ্দা-মক্কার বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন, সাংবাদিক, পেশাজীবী ও সাধারণ প্রবাসীরা সকাল ৭টা ৩০ মিনিটে উপস্থিত হন জেদ্দা কনস্যুলেট প্রাঙ্গণে। ভাষাশহীদদের সম্মানে সবাই ছিলেন নগ্ন পায়ে। এরপর পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও বাংলা তরজমা ও ভাষাশহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়।

এ সময় কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন তাঁর বক্তব্যে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও সব স্বাধিকার আন্দোলনে নিহত শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। বাংলাদেশের ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এ সময় তিনি বলেন, একুশ বাঙালির জাতিসত্তার জাগরণের প্রথম প্রণোদনা। পৃথিবীর একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছে। ইউনেসকো ভাষাশহীদদের আত্মত্যাগের দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছিল। ভাষা আন্দোলন ছিল পরিপূর্ণ অসাম্প্রদায়িক এবং মুক্তচিন্তার অবারিত দ্বার। বাংলা ভাষা, বাঙালি জাতির ইতিহাস যত দিন এই পৃথিবীতে সমুন্নত থাকবে, তত দিন বাঙালি জাতি এই মহান ভাষাসৈনিকদের নম্রচিত্তে স্মরণ করবে এবং তিনি সৌদিপ্রবাসীদের সৌদি সরকারের আইনকানুন মেনে চলার, দেশের মর্যাদা ক্ষুণ্ন করে এমন ধরনের অবৈধ কাজ থেকে বিরত থাকার এবং বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর আহবান জানান।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]