বৈরুতে মহান বিজয় দিবস উদ্‌যাপিত

যথাযথ মর্যাদার মধ্য দিয়ে বৈরুতের বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে। লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন।
সন্ধ্যায় দূতাবাস প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। লেবাননে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে এ আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের নানা দিক তুলে ধরেন। এ সময় তিনি মুক্তিযুদ্ধে প্রবাসী বাংলাদেশিদের অবদানের ওপর আলোকপাত করেন এবং মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে প্রবাসে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য লেবাননে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ করেন। এ ছাড়া তিনি জাতির পিতার স্বপ্নপূরণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় অধিকতর অবদান রাখার জন্য প্রবাসী বাংলাদেশিদের আহ্বান জানান। বিজ্ঞপ্তি