সিডনিতে বর্ণাঢ্য রোজা ও ঈদ মেলা
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্যাপিত হলো ‘রোজা ও ঈদ মেলা ২০২৬’। গত ১৫ ফেব্রুয়ারি মাউন্ট ড্রুইটের কেভিন বেটস স্টেডিয়ামে আয়োজিত এই মেলায় স্থানীয় বাংলাদেশি ছাড়াও সিডনির বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হন অনেক মানুষ। মাউন্ট ড্রুইটের বাংলাদেশিদের উদ্যোগে এবং ‘ভয়েস অব বাংলাদেশ নেটওয়ার্ক অস্ট্রেলিয়ার সহযোগিতায় দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় বাহারি পোশাক, সুস্বাদু খাবার, খেলনা ও গয়না নিয়ে প্রায় ৩০টি স্টল বসেছিল। বৃষ্টির বাধা সত্ত্বেও বিকেলের দিকে দর্শনার্থীদের ভিড় বাড়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অস্ট্রেলিয়ার জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েনসহ স্থানীয় এমপি, কাউন্সিলররা উপস্থিত ছিলেন। শিশুদের বর্ণিল প্যারেড ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মেলার আকর্ষণ বাড়িয়েছিল।
মেলার অন্যতম আয়োজক নার্গিস বানু বলেন, ‘প্রবাসে নতুন প্রজন্মের কাছে আমাদের দেশীয় সংস্কৃতি ও উৎসবের আমেজ তুলে ধরাই ছিল এই মেলার মূল উদ্দেশ্য। বৃষ্টির মধ্যেও মানুষের এই সরব উপস্থিতি আমাদের অনেক অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে আরও বড় অনুষ্ঠান করব।’
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]