মিশিগানের হল্যান্ড শহরে উদ্যাপিত হলো বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হল্যান্ড শহরে উদ্যাপিত হলো বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩। গত ১৮ এপ্রিল উৎসবের আমেজে উদ্যাপিত হলো এ বর্ণাঢ্য মিলনমেলা। এতে একত্র হয়েছিলেন বিভিন্ন বয়সী প্রবাসী বাঙালিরা। আনন্দ, সংস্কৃতি ও ঐতিহ্যের সমন্বয়ে উৎসবটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী বার্নাডেট শুভ্রা গমেজ এবং দেবাংশু হোর, এ ছাড়া লিলিয়ান গ্রেগরি, সুইটি রোজারিও, সুবির ক্রুজ, মাইকেল রয়, সোনালী বৈদ্য, পূর্ণিমা অ্যানি, ইরা, মেরি সমৃদ্ধি হোর, সিনথিয়া ক্রুজ, লিলি রয় ধর, ইমি গাইন, গুনগুন ও গুঞ্জন। তাঁদের পরিবেশনায় ছিল গান, নৃত্য, আবৃত্তি ও নাট্যাংশ, যা দর্শকদের মুগ্ধ করে রাখে পুরো সময়। অনুষ্ঠানের এক পর্যায়ে বার্নাডেট শুভ্রা গমেজের অভিনয়ে এবং কবি লিলিয়ান গ্রেগরির স্বরচিত কবিতার ছন্দে ও কথায় দর্শকেরা ক্ষণিকের জন্য আবেগাপ্লুত ও অশ্রুসিক্ত হয়ে ওঠেন এবং পরক্ষণে শিশুশিল্পীদের জমকালো নৃত্যের ছন্দে চারদিক মুখরিত হয়ে উঠেছিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাস্টর সোফাট ডাচ ও তাঁর পরিবার এবং তেনজির খান লিঙ্কন ও তাঁর পরিবার। সমবেত সংগীতের মাধ্যমে বর্ষবরণ, শিশু-কিশোরদের নৃত্য পরিবেশনা, দেশাত্মবোধক ও লোকসংগীত দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। পাশাপাশি ছিল অংশগ্রহণমূলক খেলাধুলা, র্যাফল ড্র ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জর্জ মিলান, যার প্রাণবন্ত উপস্থাপনা পুরো আয়োজনকে করে তোলে আরও আকর্ষণীয়। ব্যবস্থাপনায় ছিলেন জর্জ মিলান গাইন, মাইকেল রয়, সুবির ক্রুজ, দেবাংশু হোর, যশুয়া খন্দকার, শ্যামল ধর এবং লিনুস টলেন্টিনু। অনুষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আয়োজকেরা। সবশেষে ছিল খাবারের আয়োজন। বৈচিত্র্যময় খাবারের আয়োজন উৎসবকে করে তোলে আরও প্রাণবন্ত। পরিবেশিত হয় পান্তা ভাত, ইলিশ ভাজা, বিভিন্ন ভর্তা, খিচুড়ি, মাংসের নানা পদ এবং মিষ্টান্ন হিসেবে পায়েস, রসগোল্লা ও মিষ্টি দই। প্রবাসে থেকেও দেশীয় স্বাদের এক অনন্য অভিজ্ঞতা উপভোগ করেন উপস্থিত সবাই। সব মিলিয়ে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ ছিল এক স্মরণীয় আয়োজন। এটি প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করেছে এবং নতুন প্রজন্মের কাছে বাঙালি ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে।