সিডনিতে নজরুলের গানে মুগ্ধ দর্শক–শ্রোতা
প্রবাসের যান্ত্রিক ব্যস্ততা ছাপিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে সুরের মূর্ছনায় কেটেছে একটি স্নিগ্ধ সন্ধ্যা। গত ২৪ অক্টোবর ২০২৬ তারিখে সিডনির হার্স্টভিলি সিভিক সেন্টারে অনুষ্ঠিত হলো বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান নিয়ে সংগীতানুষ্ঠান ‘সংস অব নজরুল’। সিডনি মিউজিক ক্লাব ও ক্যানবেরার জলসার যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপচে পড়া ভিড় প্রমাণ করেছে, প্রবাসেও নজরুলসংগীতের গভীর ও নিবেদিতপ্রাণ শ্রোতা রয়েছে।
শনিবার সন্ধ্যার এই আয়োজনে মঞ্চ মাতান সংগীতশিল্পী নিজাম উদ্দিন উজ্জ্বল ও ডোমিনিক রবিন গুদা। একে একে পরিবেশিত হয় ‘অরুণকান্তি কে গো’, ‘পিয়া পিয়া পাপিয়া’, ‘বুলবুলি নীরব নার্গিস বনে’, ‘আমার কোন কূলে আজ’সহ মনোমুগ্ধকর নজরুলে সব সৃষ্টি। পারদর্শী এই দুই শিল্পীর নজরুলসংগীতে শ্রোতারা দীর্ঘক্ষণ মন্ত্রমুগ্ধ হয়ে থাকেন।
অনুষ্ঠানটিতে যন্ত্রশিল্পীদের সংগত ছিল সুনিপুণ। বাঁশী, তবলা, গিটার—সব মিলিয়ে পুরো পরিবেশটিতে এনে দিয়েছিল এক ভিন্নমাত্রা। অনুষ্ঠানের শেষ পর্বে দর্শকদের প্রতিক্রিয়ায় উঠে আসে এক অন্য রকম ভালো লাগার অনুভূতি। এক শ্রোতা প্রতিক্রিয়ায় জানান, প্রবাসে শুধু নজরুলসংগীতের মতো ধ্রুপদি ধারাকে কেন্দ্র করে পুরো একটি সংগীতানুষ্ঠান আয়োজন করা অনেক সাহসিকতার কাজ। অন্য এক দর্শক মন্তব্য করেন, উজ্জ্বল ও রবিনের মতো শিল্পীদের সাধনা আর যন্ত্রশিল্পীদের নিবেদন সিডনির প্রাঙ্গণে বাংলা সংস্কৃতির শিকড়কে আরও শক্ত করে তুলেছে।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]