তুরস্কে বিভিন্ন দূতাবাস ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে বর্ণিল আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদ্যাপিত
বাংলাদেশ দূতাবাস, আঙ্কারার আয়োজনে গতকাল সোমবার তুরস্কের আঙ্কারায় ‘ইউজে ইন্টারন্যাশনাল স্কুল’-এ তুরস্কে বিভিন্ন দূতাবাস ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে বর্ণিল আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬–এর অনুষ্ঠান আয়োজন করা হয়। এটি ছিল একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বাংলাদেশ দূতাবাস, আঙ্কারা কর্তৃক দ্বিতীয় আয়োজন। এই উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ নিজ উদ্যোগে একটি অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে এবং একটি শোভাযাত্রার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা ভাষাশহীদদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পরে ইউজে স্কুল অডিটরিয়ামে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আলোচনা অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর সামনে রাষ্ট্রদূত এবং স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুল হক তাঁর বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সব ভাষাশহীদ ও ভাষা অন্দোলনের সৈনিককে। তিনি বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন বাঙালি জাতির ইতিহাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ অধ্যায়। ভাষাশহীদদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষা বাংলার রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছি। তিনি আরও বলেন, শোকের ও গৌরবের এই দিনটিকে জাতিসংঘের ইউনেস্কো নভেম্বর ১৯৯৯ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে, যা বাঙালির জাতীয় জীবনে এক অসামান্য অর্জন।
পরবর্তী সময়ে তুরস্ক, ফ্রান্স, বসনিয়া হার্জেগোভিনা, আজারবাইজান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ব্রাজিল, মঙ্গোলিয়া, ফিলিপাইন, স্লোভেনিয়া, রাশিয়া, তুর্কমিনিস্তানসহ প্রায় ২০টি দেশের প্রতিনিধিবর্গ ও ছাত্র-ছাত্রীরা তাঁদের নিজ নিজ ভাষায় নাচ, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কূটনৈতিক কোর-এর পক্ষ থেকে কয়েকজন রাষ্ট্রদূত ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]