পথের কাব্য

এ পথ দিয়ে গেলে শূন্যতা আমার হাত ধরে হাঁটে,
এ পথ দিয়ে গেলে যেতে যেতে কোথাও দাঁড়ালে
আশেপাশের গাছগুলো কিছুক্ষণ আমার সঙ্গে
দাঁড়িয়ে থাকে...
এ পথ দিয়ে গেলে যেতে যেতে কোনো একদিন
ক্লান্ত হয়ে বেঞ্চিতে বসে চোখটা বন্ধ করলে জল
থেকে উঠে হাঁসগুলো দূরে আমার মতো মুখ
গুঁজে বসে থাকে দুপুরের রোদে...
এ পথে ছায়া আছে, শ্বাপদের ভয় নেই চোখে
এ পথে মৌনতা আছে অপেক্ষার কিন্তু দুঃখ নেই
মনে...
এ পথে সবুজের নীরব দৃষ্টি আমার মুখে পড়ে
কবিতার পঙ্‌ক্তিগুলো অরণ্য হয়ে ওড়ে...
এ পথ দিয়ে গেলে আকাশটা আরও নিচে নেমে
নীল নির্জনতায় নীলাঞ্জনা সেজে কবুতর হয়ে
আমার কাছে নেমে আসে...
এ পথ দিয়ে গেলে হারানো শূন্যতাগুলো ফিরে
আসে পুনরায় বুকের ওপর অবেলার পথ হয়ে...

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]