পয়লা বৈশাখ

বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখে রঙিন পোশাকে বৈশাখ উদ্‌যাপন। আনন্দ-উৎসবে মেতে উঠেছে শিশুরা। সিলেট, ১৪ এপ্রিলছবি: আনিস মাহমুদ

প্রাণের উৎসব এল, হৃদয়ে রঙের আলপনা এঁকে,

আনন্দবন্যা রং ছড়াল ওই দিকে দিকে।

উঠেছে নতুন সূর্য নতুন আশার আলো জ্বেলে,

এসেছে আবার বৈশাখ আজ জরাজীর্ণ দূরে ঠেলে।

চুড়ি কাঁকনের কিঙ্কিণি, খোঁপায় জড়ানো ফুলমালা,

কাচভাঙা হাসিতে লুটিয়ে পড়া সুন্দরীবালা।

অঙ্গে জড়ানো সাদা–লাল শাড়িতে লাগে অপরূপ,

নয়ন ভরে দেখি আমি বঙ্গ–ললনার এই রূপ।

আলপনায় সাজানো রাজপথ আজ মনোমুগ্ধকর,

মঙ্গল শোভাযাত্রা পিচঢালা পথের ওপর।

ঢাক-ঢোলের শব্দে প্রাণে লাগে অপরূপ হর্ষ,

নৃত্য-সংগীতের মাঝে ওরা বরণ করে নববর্ষ।

নানা রকম ভর্তা আর পান্তা–ইলিশের নিমন্ত্রণ,

মাটির হাঁড়িতে পাতানো দই আর চিড়ে-মুড়ির আয়োজন।

এ যেন বাঙালির হৃদয় নিঙড়ানো ভালোবাসার ছবি,

ভালোবাসি আমি বৈশাখ, ভালোবাসি আমি এর সবই।

হালখাতার পাতায় লেখা হবে হিসাব নতুন করে,

শুভ হয় যেন প্রতিটি দিন এই নতুন বছরে।

বৈশাখী হাওয়া উড়িয়ে নিয়ে যাক আজ সব মলিনতা,

নতুনের ছোঁয়ায় সেজে উঠুক জীবন খাতার প্রতিটি পাতা।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]