আমার জীবনচিত্র

অলংকরণ: মাসুক হেলাল

জীবন-নদীর তরঙ্গে; খাই প্রচণ্ড দোলা,
এ কী আমি বদ্ধপাগল? ভীষণ আত্মভোলা?
বিজয়ী নাকি পরাজিত; বুঝি না আর কিছু,
জীবনকে ফিরি তাড়া করে; ছুটি তার পিছু।
বর্ণহীন বর্ণিল আমি; সৃষ্টিসুখের জন্য,
কখনো হই মানবিক; আবার অতি বন্য!
হাতের কাছে দৃশ্যত যা; সবই নিই কেড়ে,
মনে আমার সায় না দিলে; ফিরি সব ছেড়ে।
এমনই স্রষ্টা আমি; আমার দারুণ ক্রোধ,
নির্দ্বিধায় ক্ষমা করি; নিই অনেকের শোধ।
স্বভাবে চঞ্চল; আবার কখনো যাই থেমে,
লজ্জা-ক্ষোভে পিষ্ট হই; অনুতাপে উঠি ঘেমে।
রাগী আবার অতি প্রেমিক; স্বভাবে দ্বিচারী,
জীবন-নদীর তরঙ্গে; ভাসতে আমি পারি।
স্বপ্ন-রঙ্গের নেশা নিয়ে; জীবনটাকে দেখি,
জন্মমৃত্যুর চক্রে জীবন; কিছু নয় মেকী।
জীবন-নদীর তরঙ্গে; খাই সুখের দোলা,
চোখ মেলে তাকিয়ে দেখি; পুরো জগৎ খোলা।
এই আমার জীবনচিত্র; এই আছি আমি,
সৃষ্টিসুখের জন্য; এই জীবনটাই দামি।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]