আরব আমিরাতে লটারির টিকিট কিনে ১ লাখ দিরহাম করে জিতলেন দুই বাংলাদেশি

বিগ টিকিটের উপস্থাপক রিচার্ড ও বুশরাগালফ নিউজের প্রতিবেদনের স্ক্রিনশট

শখের বশে টিকিট কিনেছিলেন সবুজ মো. দেলোয়ার মুন্সি, আর তাতেই ঘটল এক অভাবনীয় ঘটনা। সংযুক্ত আরব আমিরাতে ‘বিগ টিকিট’-এর ২৮৯ নম্বর সিরিজের সান্ত্বনা পুরস্কারের ড্রতে ১ লাখ দিরহাম (প্রায় ৩৩ লাখ ৪০ হাজার টাকা) জিতেছেন এই প্রবাসী বাংলাদেশি।

৩২ বছর বয়সী এই বাংলাদেশি সাড়ে সাত বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে সবুজ প্রথম এই ‘বিগ টিকিট’ সম্পর্কে জানতে পারেন। এরপর চার বছর ধরে তিনি এই টিকিট কিনছেন।

যখন সবুজকে ফোন করে বিজয়ী হওয়ার খবর জানানো হয়, তখন তিনি খুশিতে উদ্বেলিত হন। তিনি জানতে পারেন, সর্বশেষ কেনা টিকিটটিই তাঁকে প্রথমবারের মতো এই লটারি জিতিয়েছে।

এই পুরস্কারের টাকা দিয়ে সবুজ তাঁর দৈনন্দিন খরচ মেটানোর পরিকল্পনা করেছেন। এ ছাড়া আমিরাতে নিজের জীবনযাত্রার মান উন্নত করতেও এই অর্থ কাজে লাগাবেন।

সবুজ মনে করেন, ‘বিগ টিকিট’ এমন একটি সুন্দর উদ্যোগ, যা সাধারণ মানুষকে জীবন বদলে দেওয়ার মতো বড় জয়ের সুযোগ করে দেয়।

সবুজের এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, মাঝেমধ্যে শখের বশে করা কোনো কাজও এমন এক মুহূর্ত নিয়ে আসে, যা মানুষের পুরো জীবন বদলে দেয়।

২৮৯ নম্বর সিরিজের ড্রতে মোট পাঁচজন বিজয়ী হয়েছেন। তিনি তাঁদেরই একজন।

একই ড্রতে আরেক বাংলাদেশি আরিফুজ্জামান শুভসহ ভারতের কেরালার অখিল চন্দ্রন আর পি, সাইদালাভি কারিওদান ভারিচালিল এবং শরৎ শশীধরন প্রত্যেকে এক লাখ দিরহাম করে জিতেছেন। ফলে এই ড্রতে মোট পুরস্কারের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ লাখ দিরহাম।

আগস্টে জয়ের আরও সুযোগ

গ্রীষ্মের এই ভরপুর মৌসুমে ‘বিগ টিকিট’ আগস্ট মাসে জয়ের আরও বেশি সুযোগ নিয়ে এসেছে। এবার ২৬ জন বিজয়ী পাবেন নগদ অর্থ ও বিলাসবহুল গাড়ি জেতার সুযোগ। সেই সঙ্গে ‘দ্য বিগ স্পিন’-এর মাধ্যমে তারা সর্বোচ্চ ১০ লাখ দিরহাম পর্যন্ত জেতার প্রতিযোগিতায় অশং নিতে পারবেন।

আগামী ৩ সেপ্টেম্বর সরাসরি (লাইভ) ড্রয়ের মাধ্যমে এই মাস শুরু হবে একটি বড় পুরস্কারের ঘোষণার মধ্য দিয়ে। সেখানে একজন বিজয়ী জিতে নেবেন ১ কোটি ৫০ লাখ দিরহাম।

একই দিন সন্ধ্যায় আরও পাঁচজন বিজয়ীর প্রত্যেকে এক লাখ দিরহাম করে পুরস্কার পাবেন।

আগস্ট মাসজুড়ে আরও ৪ জন বিজয়ী ২৫ হাজার দিরহাম করে জেতার সুযোগ পাবেন। ‘বিগ টিকিট’-এর সাপ্তাহিক ই-ড্র বা ইলেকট্রনিক ড্রয়ের মাধ্যমে এই বিজয়ীদের বেছে নেওয়া হবে। নির্দিষ্ট ই-ড্রয়ের দিনগুলোতে সন্ধ্যা সাড়ে সাতটায় ‘বিগ টিকিট’-এর ইউটিউব চ্যানেলে এটি সরাসরি সম্প্রচার করা হবে।

আগস্ট মাসে যেসব গ্রাহক ‘বিগ টিকিট’ কিনবেন, তাঁরা স্বয়ংক্রিয়ভাবে ‘দ্য বিগ স্পিন’ খেলার সুযোগ পাবেন। এরপর ৩ সেপ্টেম্বরের লাইভ ড্র থেকে তিনজন প্রতিযোগীকে বেছে নেওয়া হবে। তাঁরা আগামী ৩ অক্টোবর নগদ ১০ লাখ দিরহাম জেতার জন্য লড়বেন।

এ ছাড়া স্বপ্নের গাড়ি জেতার অফারটিও চালু থাকছে। ৩ সেপ্টেম্বর ‘ল্যান্ড রোভার ডিফেন্ডার’ বিজয়ীর নাম ঘোষণা করা হবে এবং এরপর ৩ অক্টোবর হবে ‘নিসান প্যাট্রোল’ গাড়ির ড্র।