কোথাও কেউ নেই
অবশেষে পড়ে শেষ করলাম হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস ‘কোথাও কেউ নেই’। অনেকবার শুরু করেও শেষ করতে পারিনি। যেহেতু বইটা পড়ার আগেই নাটকটা দেখা ছিল, আর নাটকের শেষটা বিয়োগান্ত; তাই পড়ার সাহস করে উঠতে পারছিলাম না। নাটক যখন দেখেছি, তখন আমাদের পাড়ায় মাত্র একটি টেলিভিশন ছিল, প্রতিবেশী সালামদের বাড়িতে। ন্যাশনাল সাদা–কালো চৌদ্দ ইঞ্চি একটি টিভি। সেখানে চ্যানেল বদলাতে গেলে ঘড়ির কাঁটার মতো একটা নব ধরে ঘোরাতে হতো। আর ঘোরাতে গেলেই কটকট শব্দ হতো। নাটকটি কবে প্রচারিত হতো মনে নেই। সপ্তাহে একদিনই হতো। সেটা দেখার জন্য সালামদের বাড়ির মাটির মেঝেতে আমরা পাটের বস্তার তৈরি মাদুরে বসে যেতাম। ঠাসাঠাসি করে বসেও জায়গার সংকুলান হতো না। যা–ই হোক, নাটকটি বিখ্যাত হয়েছিল বাকের ভাইয়ের কারণে। আমরা তখন নাটকটি দেখতেই যেতাম তার কারণে। আর তার ফাঁসি নিয়ে বাংলাদেশে যা ঘটেছে, সেটা আর কখনো ঘটবে বলে আমি বিশ্বাস করি না।
উপন্যাসটি পড়া শেষে বুঝলাম, মুনা আসলে এই উপন্যাসের আসল চরিত্র। তাকে ঘিরেই পুরো গল্প আবর্তিত হয়েছে। তার চরিত্রের প্রয়োজনেই অন্য চরিত্রের আগমন বা বিয়োগ ঘটেছে। তখন বুঝিনি কেন নাটকের শুরুতে মুনাকে একা হাঁটতে দেখাত, আর কেনই–বা আবহসংগীত ছিল এত মন খারাপ করা। নাটকের উদ্দেশ্যই ছিল হয়তোবা আমাদের সমাজের একজন কর্মজীবী নারীর নিত্যদিনের কর্মসূচির মধ্য দিয়ে তাঁর সংগ্রাম তুলে ধরা। কিন্তু নাটকটি আমাদের বুদ্ধির অপরিপক্বতার কারণে চলে যায় পুরোপুরি বাকের ভাইয়ের দখলে। মুনা হয়ে যায় গৌণ চরিত্র। মুনার জীবনের ওপর দিয়ে যে ঝড় বয়ে যায়, যাকেই সে আঁকড়ে ধরতে যায় সেই তাকে ফেলে চলে যায়, শেষ পর্যন্ত তার জীবনে ‘কোথাও কেউ নেই’ হয়ে যায়। এই বিয়োগান্ত বিষয়টি আমাদের মাথায়ই আসেনি।
অনেক দিন পর হলেও উপন্যাসটি পড়ে বুঝতে পারলাম, আসলে এই উপন্যাসে বা নাটকে লেখক কী বলতে চেয়েছিলেন। অবশ্য বয়সটাও এখানে নিশ্চয়ই একটি ভূমিকা রেখেছে। উপন্যাসের বর্ণনাও নাটকের সঙ্গে হুবহু মেলে না। না মেলারই কথা। উপন্যাসের পটভূমি সামরিক শাসন চলাকালীন বাংলাদেশ, আরও নির্দিষ্ট করে বললে ঢাকা শহর। হুমায়ূন আহমেদের লেখা নিয়ে একটি কথা সব সময়ই বলা হয়, সেটা হলো—সস্তা লেখা। এগুলো আসলে কিছুই হয় না। না গল্প, না উপন্যাস, না বিজ্ঞান কল্পকাহিনি। বাংলাদেশে নিজেকে শিল্প এবং সংস্কৃতিমনা বলে পরিচয়ের পূর্বশর্ত হচ্ছে হুমায়ূন আহমেদ বা তাঁর লেখাকে সরাসরি বস্তাপচা আখ্যা দেওয়া। আমি এমন অনেককেই চিনি, যাঁরা তাঁর কোনো লেখাই পড়েননি। কারণ, হুমায়ূন আহমেদের লেখা খুবই সস্তা।
যা–ই হোক, তাঁরা উপন্যাসটি পড়ে দেখতে পারেন। এখানে সমসাময়িক রাজনীতি ও অর্থনীতি তো আছেই, এর সঙ্গে আছে বাংলাদেশের প্রেক্ষাপটে একজন মেয়ের বেড়ে ওঠার বিপৎসংকুল পথের কথা। সামরিক সরকারের মন্ত্রীদের চরিত্র সম্বন্ধে খুব কম কথায় পরিষ্কার ধারণা দেওয়া হয়েছে। এ ছাড়া এসেছে স্থানীয় নেতাদের ক্ষমতার দ্বন্দ্বের চিত্র। তাঁরা কীভাবে স্থানীয় মাস্তানদের হাতে রাখেন। তাদের সব অপকর্ম দেখেও না দেখার ভান করেন। এলাকার সবার মন জুগিয়ে চলেন; কারণ, দিন শেষে সবার কাছেই ভোটের জন্য হাত পাততে হবে। বাংলাদেশে একজন মেয়ের বেড়া ওঠা সব সময়ই কঠিন। পুরুষ দ্বারা নির্যাতনের ঘটনা তো অহরহ ঘটে। একজন মেয়ে কোথাও নিরাপদ নয়; না ঘরে না বাইরে। না পরিবারে না সমাজে। না স্কুল–কলেজ–বিশ্ববিদ্যালয়ে। এমনকি মনপ্রাণ দিয়ে যে মানুষটিকে ভালোবাসে, তার কাছেও নিরাপদ নয়।
হুমায়ূন আহমেদের জন্মদিন ছিল ১৩ নভেম্বর। মানুষটা এই দিনে বাংলাদেশের মাটিতে জন্মেছিলেন বলেই আমরা এখনো তাঁর লেখা পড়ে বাংলাদেশকে, দেশের প্রকৃতিকে, দেশের মানুষকে বুঝতে পারি। বাংলাদেশের ইতিহাস থেকে শুরু করে আর্থসামাজিক অবস্থান সম্বন্ধে এত পরিষ্কার ধারণা আর কোনো লেখকের ছিল বলে আমার জানা নেই। আমরা তাঁর মাধ্যমেই আমাদের স্বকীয়তা চিনতে পেরেছিলাম। আমরা না ভারতীয় না পাকিস্তানি। আমরা বাংলাদেশি। আর এটাই আমাদের সবচেয়ে গর্বের পরিচয়। আমরা ধার্মিক; কিন্তু আমরা কট্টর নই। যে বাড়িতে ভোরবেলা পবিত্র কোরআন পাঠের শব্দ শোনা যায়, সেই বাড়িতেই আবার কেউ রবীন্দ্রসংগীতের সুরে গলা সাধে।
অনেক দিন পর ‘কোথাও কেউ নেই’ পড়ে আবারও একই রকম আনন্দে অভিভূত হলাম; যেমনটা তরুণ বয়সে হতাম। হুমায়ূন আহমেদ আমার কাছে চিরন্তন। তিনি বেঁচে আছেন বা মারা গেছেন, এটা আমার কাছে কোনো বিষয় নয়। তাঁর সৃষ্টি আমাদের মাঝে আছে, সেটাই আমার কাছে মুখ্য। এখনো আমাদের দুর্বল মুহূর্তে তাঁর লেখার কাছেই ফিরে যাই। আবার একইভাবে আনন্দের মুহূর্তেও তাঁর কথা মনে পড়ে। পাশাপাশি অন্যদের কথাও যে মনে পড়ে না; বিষয়টি এমন নয়; কিন্তু তাঁকে এবং তাঁর লেখাকে যতটা আপন মনে হয়, অন্যদের বা তাঁদের লেখাকে অতটা আপন মনে হয় না। হোক সেটা তাঁদের সাহিত্যের গুণসম্পন্ন গুরুগম্ভীর ভাষার কারণেই; অথবা সাহিত্যের মান রক্ষা করতে যাওয়া বিষয়বস্তুর কারণেই।
হুমায়ূন আহমেদ, আপনি কোথাও নেই আবার সবখানেই আছেন। যাঁরা মনে করেছিলেন আপনার সস্তা বস্তাপচা লেখা কালের স্রোতে হারিয়ে যাবে; তাঁরা ভুল প্রমাণিত হয়েছেন। আপনি হারিয়ে গিয়ে যেন আরও বেশি করে ফিরে এসেছেন। আরও বেশি করে বর্তমান হয়েছেন। আমার দৃঢ় ধারণা আপনার লেখার প্রতি ভবিষ্যৎ প্রজন্মও একই রকম আগ্রহ অনুভব করবে এবং পড়বে। কারণ, বাংলাদেশকে এবং তার মানুষকে চিনতে ও জানতে গেলে আপনার কাছে আমাদের ফিরে ফিরে আসতেই হবে।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]