মালয়েশিয়ায় প্রবাসীদের জেলা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কুমিল্লা
মালয়েশিয়ায় প্রবাসীদের জেলা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুমিল্লা জেলার প্রবাসীদের ক্রিকেট দল ‘কুমিল্লা ভিক্টোরিয়ানস’। শুরু থেকে দুর্দান্ত খেলে রানার্সআপ হয়েছে নরসিংদী লায়নস।
বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল একাডেমি-মালয়েশিয়া আয়োজিত এই টুর্নামেন্টে মোট ১২টি জেলা দল প্রতিদ্বন্দ্বিতা করে। টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হচ্ছে—ঢাকা জেলা, চট্টগ্রাম জেলা, কুমিল্লা জেলা, নারায়ণগঞ্জ জেলা, মুন্সিগঞ্জ জেলা, নরসিংদী জেলা, সিলেট জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, খুলনা জেলা, ফরিদপুর জেলা, চাঁদপুর জেলা ও শরিয়তপুর জেলা দল।
গ্রুপ পর্ব ও সেমিফাইনাল শেষে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে কুমিল্লা জেলা দল ও নরসিংদী জেলা দল। সোমবার দুপুরে পুত্রাজায়া লেকের পাশে অবস্থিত খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স সবকটি উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করে নরসিংদী লায়ন্স ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করেতে সক্ষম হয়। মাঠে উপস্থিত নরসিংদী জেলা দলের সমর্থকদের হতাশ করে ২০ রানের ব্যবধানে জয় তুলে নেয় কুমিল্লা। এই নিয়ে মালয়েশিয়ায় অনুষ্ঠিত বাংলাদেশ জেলা চ্যাম্পিয়ন ট্রপিতে টানা দ্বিতীবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা জেলার প্রবাসীদের দল ‘কুমিল্লা ভিক্টোরিয়ানস’।
ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরের মিনিস্টার (শ্রম) মো. সিদ্দিকুর রহমান, কাউন্সেলর (কনস্যুলার) মো. ফিরোজ রাব্বানী, বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচার একাডেমি মালয়েশিয়ার চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, টুর্নামেন্ট আয়োজন কমিটির কনভেনর মো. সাইফুদ্দিন, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব-মালয়েশিয়ার সাবেক সভাপতি আমিনুল ইসলাম রতন, সাংবাদিক রফিক আহমদ খান, সাংবাদিক জহিরুল ইসলাম হিরন, আসাদুজ্জামান মাসুম, মোহাম্মদ আরিফুল ইসলাম, ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির মো. সালাহ উদ্দিন প্রমুখ।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা মাঠে এসে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা দেখে প্রথমে বুঝতেই পারিনি রেমিট্যান্সযোদ্ধারা মাঠে খেলছেন। মনে করিছিলাম বাংলাদেশ থেকে ১২টা জেলার বাচাই করা খেলোয়াড়রা এসে খেলছেন। খুব ভালো খেলা উপভোগ করেছি, যেমন বোলিং তেমন ব্যাটিং, খুবই চমৎকার ম্যাচ হয়েছে। খেলা দেখতে-দেখতে পরে জানতে পারলাম রেমিট্যান্সযোদ্ধারাই মাঠে খেলছেন। বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল একাডেমি মালয়েশিয়া তাদের খুঁজে খুঁজে বের করেছে। আমি চ্যাম্পিয়ন দল, রানার্সআপ দলসহ টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোকে অভিনন্দন জানাই।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ হাইকমিশন প্রবাসীদের সেবায় নিয়োজিত। আপনাদের সেবা আরও কীভাবে উন্নত করা যায়, আপনারা পরামর্শ দেবেন। যেকোনো প্রবাসী মালয়েশিয়ার যেখানেই সমস্যায় পড়ুক, আমাদের জানাবেন। আমাদের ফেসবুক পেজে লিখে জানাতে পারেন, মেইল করতে পারেন, ফোন করতে পারেন। আমরা সমাধানের চেষ্টা করব।’
বিশেষ অতিথির বক্তব্যে কাউন্সেলর (কনস্যুলার) মো. ফিরোজ রাব্বানী বলেন, ‘গরমের মধ্যে আপনাদের এই খেলা দেখে আসলেই আমি অভিভূত হয়েছি। আমার এত ভালো লেগেছে—প্রবাসে এত সুন্দর টুর্নামেন্টের আয়োজন করা যায়, এত ভালো খেলা যায়, ভালো ব্যাটিং-বোলিং করা যায় ভাবতেও পারিনি।
টুর্নামেন্ট সেরার পুরস্কার পান নরসিংদীর জুনায়েদ তামিম, ম্যান অব দ্য ফাইনাল কুমিল্লার রায়হান, সেরা ব্যাটসম্যান খুলনার বেলাল হোসেন, সেরা বোলার নরসিংদীর জুনায়েদ তামিম ও সেরা উইকেটকিপারের পুরস্কার জিতেছেন নরসিংদীর জাহিদ হাসান।
বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল একাডেমি-মালয়েশিয়া আয়োজিত ‘বাংলাদেশ জেলা চ্যাম্পিয়নশিপ-২০২৬’–এর পৃষ্ঠপোষকতায় ছিল ‘প্রাণ মালয়েশিয়া’।