কতগুলো ঠকে যাওয়া মনের আক্ষেপ

অলংকরণ: আরাফাত করিম

অরু নিরুকে বলে, সে ভুল বানানে সম্পাদ্য লিখে গেছে, তাই তার মেলেনি। ভালোবাসাটা নিরুর তাকেই হয়তো উচিত ছিল। ভালোবাসাটা তাকে হয়নি, নিরু নিরুত্তর থাকে তাই!

কী করে তাকে বলে নিরু, ভুল উপপাদ্যে তার জীবনও জর্জরিত ছিল। সম্পাদ্য মেলানোর ক্ষমতা তার ছিল না।

ফের ভুল নৈবৃত্তিক প্রশ্নের উত্তর দিয়েও নিরু যে ডাহা ফেল মেরে বসে ছিল, সেটাও তাকে বলা হয় না। ভুল! ভুল তারা সবাই করে গেল বিনা কারণে!

নিরু, অরুর মনে বাজছে ‘বধূয়া আমার চোখে জল এনেছে হায়, বিনা কারণে! হা…য় বিনা কারণে!’
ভাবছে নিরু আমরা প্রত্যেকে একে অন্যের চোখে জল এনেছি ভুল করে? ভাগ্যের ফেরে? ফের সবাই একে অন্যের চোখের জলে ভেসে গেছি! কারো কিন্তু কাউকে ভালোবাসাই হয়নি।

কী করে হবে?

কপাল লাগে কপাল! ভালো কাউকে বাসতেও বা কারও ভালোবাসায় বুঁদ হতেও যে কপাল লাগে, শুধু নিখাদ এক পৃথিবী ভালোবাসা থাকলেই ভালোবাসা হয় না তা অরু, নিরু, অরণ্য্য বা উপমা—কেউ–ই জানত না।

ভালোবাসা থাকলেই যে ভালোবাসা হয় না, তারা সবাই ভীষণ ঠেকে শিখেছে। ক্রিসক্রস ভালোবাসায় কেউ কাউকে না বাঁধতে পেরেছে, না আটকাতে পেরেছে। কান পাতলে তোমরা তাদের সবারই গভীর ভালোবাসার দীর্ঘশ্বাস শুনতে পাবে। তবে তাদের কারও কাউকে কোনো দিন ভালোবাসাটাই হবে না।

এরা প্রত্যেকেই ভালোবাসবে অন্য কাউকে—আর মনের গোপনে ক্ষোভ, হতাশা আর হাহাকার নিয়ে বয়ে বেড়াবে জীবনভর!
হয়তো সুখীও হবে ক্ষণিকের জন্য। ততক্ষণ—যতক্ষণ একজন আরেকজনের মনের সবচেয়ে লুকোনো কোণে উঁকি দিয়ে না দেখবে।

অলঙ্করণ: মাসুক হেলাল

উঁকি দিলেই দেখা যাবে, সেই ছোট্ট আপাতভুলে যাওয়া প্রকোষ্ঠে কী নিদারুণভাবে ভালোবাসাগুলো দম বন্ধ হয়ে পড়ে আছে। প্রদীপের সলতেয় নিবু নিবু আলোর মতো নিভতে নিভতেও জ্বলতে থাকে সে ভালোবাসারা। এক সমুদ্র ভালোবাসা দিয়েও যারা একে অন্যকে কোনো দিনও ভালোবাসতে পারেনি। না ভালোবাসতে পেরেছে তাদের এক সমুদ্র পরিমাণ চোখের জলের বিনিময়ে।

ঠকে গেছে সেখানে? না পুরোপুরি গো হারা হয়ে আছে? হয়তো। হয়তো নয়। ভালোবেসেও ভালোবাসতে না পারার বেদনা কেমন তা শুধু অরু, নিরু, অরণ্য আর উপমাই জানে শুধু।

এত ভালোবেসে এতগুলো জীবন কী করে এত হতাশায় চোখ মেলে দেখে সবই ধোঁয়াশা? বোঝে সবাই, না চাইতেও বাধা না মানা চোখের জল, সবার চোখ ঝাপসা করে দিয়েছে! ভালোবাসা শেষ হয়?

ভালোবাসা সত্যিই ভালোবাসার খোঁজ পায়?

ওরা তো পায়নি। পাওয়া সম্ভবই ছিল না।

*লেখক: চিকিৎসক