হিমাঙ্কের নিচে ঠান্ডা, তুষারপাত, বরফ ভেঙে মিশিগানে শিশু–কিশোর, তরুণ–তরুণীদের সরস্বতীপূজা উদ্‌যাপন

দুর্গামন্দিরে শিশু–কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাছবি: লেখকের পাঠানো

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে সরস্বতীপূজা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা ডেট্রয়েট, ওয়ারেন, হ্যামট্রাম্যাকসহ বিভিন্ন স্থানে বিদ্যাদেবীর পূজা অর্চনাসহ বিভিন্ন মাঙ্গলিক কর্মকাণ্ড পালন করেছেন। দেবী সরস্বতী বিদ্যা, জ্ঞান, শুভ্রতার ও বিশুদ্ধতার প্রতীক। হিমাঙ্কের নিচে ঠান্ডা, তুষারপাত, বরফ ভেঙে মিশিগানে শিশু–কিশোর, তরুণ–তরুণী ও নারীরা শ্বেতশুভ্র জামাকাপড় ও শাড়ি পরে মন্দিরে এসেছিলেন।

দুর্গা টেম্পল

ডেট্রয়েটে অবস্থিত দুর্গামন্দিরে ১ ফেব্রুয়ারি রোববার সরস্বতীপূজা উদ্‌যাপন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় পূজা, বেলা ১টায় পুষ্পাঞ্জলি, বেলা দেড়টায় শিশুদের হাতেখড়ি ও বেলা আড়াইটায় ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এরপর ছিল শিশু–কিশোর–কিশোরীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তারা দেবী সরস্বতী, সরস্বতীর বাহন হাঁস, বীণা, বাংলাদেশের পতাকা, শাপলা ফুল, গাছ, নৌকার ছবি আঁকে। এখানে বেড়ে ওঠা শিশুদের ছবি আঁকা দেখে অনেকেই প্রশংসা করেন। কারণ, এদের প্রায় প্রতিটি ছবিতেই ফুটে উঠেছে বাংলা, বাংলার প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্য। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিপুলসংখ্যক শিশু, কিশোর, কিশোরীরা অংশ গ্রহণ করে। চারটি গ্রুপে বিভক্ত প্রতিযোগিতায় সব বিভাগেই প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া অংশগ্রহণকারী সবাইকে একটি মেডেল দেওয়া হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম হয়েছে রিশিকা দে, দ্বিতীয় অনুপ্রভা সূত্রধর, তৃতীয় জানভী ঘোষ। খ গ্রুপে প্রথম সুস্মিতা দাশ, দ্বিতীয় রাজভির দেব, তৃতীয় সত্যব্রত পাল। গ গ্রুপ প্রথম কৃষ্ণা চন্দ, দ্বিতীয় তিলোত্তমা বিশ্বাস, তৃতীয় পিহু দেব। ঘ গ্রুপ প্রথম প্রত্যুষা ধর, দ্বিতীয় প্রীতম দাশ, তৃতীয় সত্যজিৎ পাল। গীতা শ্লোক প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম হয়েছে মৌলিক রায়, দ্বিতীয় প্রত্যুষা ধর, তৃতীয় সত্যব্রত পাল। খ গ্রুপে প্রথম প্রতীশ ধর, দ্বিতীয় অর্চিতা ছত্রী ও তৃতীয় রণেশ দে। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা, গান পরিবেশন করে শিশু কিশোর, কিশোরীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্দিরের সাধারণ সম্পাদক উজ্জ্বল সূত্রধর, বিশ্বেসর চন্দ ও বৈশালী দেব। মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ এবং ভাইস প্রেসিডেন্ট নিপেশ সূত্রধর প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ভক্তরা যে মন্দিরে এসেছেন, তার জন্য তাঁদের দুর্গা টেম্পলের পক্ষ থেকে  অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। মন্দিরের মিডিয়া ও পাবলিকেশন ডিরেক্টর পার্থ দেব জানান, ‘মন্দির প্রতিষ্ঠার পর থেকেই এখানে সরস্বতীপূজা জাঁকজমকভাবে পালিত হয়ে আসছে। বিশেষ করে এই দিনে শিশু–কিশোর–কিশোরীদের কলকাকলিতে ভরে ওঠে মন্দির প্রাঙ্গণ, তাঁদের পদচারণে মুখর হয় মন্দির। আমাদের পরবর্তী প্রজন্ম যেন আমাদের ধর্ম তথা বাঙালির, মানবতার বিজয় কেতন উড়িয়ে ধর্মের মূল বাণীগুলো পৌঁছে দিতে পারে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।’

দুর্গামন্দিরে পুষ্পাঞ্জলি
ছবি: লেখকের পাঠানো

শিবমন্দির

ওয়ারেন সিটির শিবমন্দিরে তিথিমতো সরস্বতীপূজা অনুষ্ঠিত হয়েছে গত ২৩ জানুয়ারি। এতে পূজা, অর্চনা, পুষ্পাঞ্জলি, শিশুদের হাতেখড়ি, প্রসাদ বিতরণ করা হয়। আবার উদ্‌যাপন হয়েছে ২৫ জানুয়ারি। এতে ছিল পূজা, অর্চনা, পুষ্পাঞ্জলি প্রসাদ বিতরণ। এরপর বিকেলে ছিল বিভিন্ন গ্রুপে বিভক্ত শিশু–কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অংশগ্রহণকারী সব প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু–কিশোরেরা গান ও নৃত্য পরিবেশন করে। এরপর স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

কালীবাড়ি

ওয়ারেন সিটির কালীমন্দিরে গত ২৩ ও ২৪ জানুয়ারি দুই দিন ব্যাপী সরস্বতীপূজা উদ্‌যাপন করা হয়েছে। এতে পূজা, অর্চনা, পুষ্পাঞ্জলি, শিশুদের হাতেখড়ি, প্রসাদ বিতরণ করা হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন মন্দিরের শিল্পীরা।

কালীমন্দিরে শিশু–কিশোরদের অংশগ্রহণ
ছবি: লেখকের পাঠানো

রাধাকৃষ্ণ টেম্পল

হ্যামট্রাম্যাক সিটির রাধাকৃষ্ণ টেম্পলে গত ২৩ জানুয়ারি তিথিমতো পূজা এবং ২৪ জানুয়ারি সরস্বতীপূজা উদ্‌যাপন করা হয়েছে। এতে পূজা, অর্চনা, পুষ্পাঞ্জলি, শিশুদের হাতেখড়ি, প্রসাদ বিতরণ করা হয়।

এ ছাড়া বিভিন্ন বাড়িতে নিজ নিজ উদ্যোগে তিথিমতো সরস্বতীপূজা অনুষ্ঠিত হয়েছে। এতে পূজা, অর্চনা, পুষ্পাঞ্জলি, শিশুদের হাতেখড়ি ও প্রসাদ বিতরণ করা হয়।