সিডনিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর মিলনমেলা
অস্ট্রেলিয়ার সিডনি হারবারে নৌবিহারের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর চট্টগ্রাম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া ইনক (সিইউএএএ) আয়োজিত এ অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী, তাঁদের পরিবার ও আমন্ত্রিত অতিথি মিলিয়ে ১৬৭ জন অংশ নেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন শায়লা হক তানজু ও নিপন আলম।
বার্ষিক সাধারণ সভায় সংগঠনের গত দুই বছরের কার্যক্রম তুলে ধরেন সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী। এ ছাড়া জ্যেষ্ঠ প্রাক্তন শিক্ষার্থী ও সংগঠনে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়। চট্টগ্রামের আঞ্চলিক গান, বাংলা গান ও বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণায় মুখর ছিল নৌবিহার।
ক্যাম্পবেল টাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশের উদ্যোগে ছয় সদস্য নিয়ে যাত্রা শুরু করে সিইউএএএ। বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা যুক্ত হওয়ায় সংগঠনটির পরিসর বেড়েছে। এরই মধ্যে বাংলাদেশে এক প্রাক্তন শিক্ষার্থীর ছেলের চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছে সংগঠনটি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অস্ট্রেলিয়ায় পড়তে আসা শিক্ষার্থীদের পেশাগত যোগাযোগ গড়ে তুলতে ও চাকরি খুঁজতে সহায়তা করার পরিকল্পনা রয়েছে সংগঠনটির। জ্যেষ্ঠ প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে মানসিক ও সামাজিকভাবে তাঁদের পাশে দাঁড়ানো, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মা-বাবাকে সহায়তা এবং বাংলাদেশে আর্থিক সহায়তা প্রয়োজন এমন মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালুর পরিকল্পনাও রয়েছে।
সংগঠনের সভাপতি সাত্তার খাজা জানান, অস্ট্রেলিয়ার অন্যান্য রাজ্য ও টেরিটরিতে বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদেরও সংগঠনের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]