ভালোবাসি
শুভঙ্কর, সেই কবে কোন দুপুরে তুমি বলেছিলে ভালোবাসি,
তারপর কত সন্ধ্যা গেল,
কত পূজার উৎসব, ঈদ, বড়দিন গেল
আমাদের দেখাও হলো বেশ কয়েকবার
ভীষণ ব্যস্ততায়,
কিন্তু চোখে চোখ রেখে ‘ভালোবাসি’ আর হয়নি বলা।
চার অক্ষরের ছোট্ট একটা শব্দ,
কত সহস্রবার শত মুখে শুনেছি,
অথচ শুভঙ্কর, তুমি যখন বলো
তখনই তার ব্যাপ্তি বেড়ে যায়।
শান্ত সকালে, হঠাৎ বেনামি কালবৈশাখী ঝড়ের মতো।
লন্ডভন্ড হয়ে যায় অনুভূতির সাম্রাজ্য!
গুজবাম্পস (Goosebumps) এ আমার চোখ বন্ধ হয়ে আসে,
কাজল লেপ্টে যায়,
ঠোঁটের কোণে মুচকি হাসি উঁকি দেয়।
এরপর শুরু হয় তোমার জড়িয়ে ধরার বাহানা!
লজ্জায় আমি চিত্রা হরিণের মতো সুযোগের অপেক্ষায়,
কখন একটু সুযোগ হবে আর আমি দৌড়ে পালাব!
সে কি আর হয়?
আমি কি আর পারি তোমার সাথে?
তুমি কেমন জানি শুভঙ্কর!
লাজ-শরমের বালাই নেই!
খুলে দাও খোঁপার কাঁটা,
কাজলের কলঙ্কে চোখে জমে মেঘ,
মুছে দাও রাঙা ঠোঁট,
আমার মুখ তোমার বুকে লুকিয়ে
স্থির প্রজাপতি।
তুমি ভীষণ শান্ত, গম্ভীর স্বরে
ফিসফিসিয়ে বলো
‘ভালোবাসি, ভালোবাসি’॥
তামান্না মহুয়া
কবি, লেখিকা, কলামিস্ট
প্রোগ্রাম এক্সেস কো–অর্ডিনেটর
সাস্কাচুয়ান হেলথ রিজিয়ন
সাস্কাটুন, কানাডা
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]