কানাডার টরন্টোতে ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রয় আবার বন্ধ, নতুন আইন অন্টারিওতে
আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে টিকিটের বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছিল, তা নিয়ন্ত্রণে একটি বড় পদক্ষেপ নিয়েছে কানাডার অন্টারিও প্রাদেশিক সরকার। টরন্টোতে অনুষ্ঠেয় বিশ্বকাপের ম্যাচগুলোর টিকিট এখন আর চড়া দামে পুনর্বিক্রয় (রিসেল) করা যাবে না। ওন্টারিওতে ‘পুটিং ফ্যানস ফার্স্ট অ্যাক্ট’ (বিল ৯৭) নামের নতুন একটি আইন পাসের পর ফিফা তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে টরন্টো ম্যাচের সব রিসেল টিকিট সাময়িকভাবে সরিয়ে নিয়েছে।
কেন এই সিদ্ধান্ত?
এত দিন বিশ্বকাপের টিকিটের বাজারে একপ্রকার ‘লুটতরাজ’ চলছিল বলে মনে করছে আন্টারিও প্রাদেশিক সরকার। বিশেষ করে সেকেন্ডারি মার্কেট বা রিসেল প্ল্যাটফর্মগুলোতে টিকিটের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছিল। ফিফার নিজস্ব রিসেল সাইটে অনেক সময় একটি সাধারণ টিকিটও তার আসল দামের তুলনায় কয়েক গুণ বেশি দামে তালিকাভুক্ত করা হতো। কোনো কোনো ক্ষেত্রে ফাইনালের টিকিটের দাম কয়েক গুণ ছাড়ানোর খবরও আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে।
ফিফার নিজস্ব রিসেল সাইটে অনেক সময় একটি সাধারণ টিকিটও তার আসল দামের তুলনায় কয়েক গুণ বেশি দামে তালিকাভুক্ত করা হতো।
ভক্তদের এই হয়রানি ও কালোবাজারি বন্ধ করতে অন্টারিও সরকার সম্প্রতি আইনটি পাস করে। এই আইন অনুযায়ী, অন্টারিওতে যেকোনো অনুষ্ঠানের টিকিট তার ‘ফেস ভ্যালু’ বা গায়ের মূল্যের চেয়ে এক ডলারও বেশি দামে বিক্রি করা এখন দণ্ডনীয় অপরাধ।
আকাশচুম্বী দাম ও রিসেল বাজারের প্রভাব—
রিসেল বাজার মূলত নিয়ন্ত্রিত হয় কিছু পেশাদার বিক্রেতা বা ‘স্ক্যাল্পারদের’ মাধ্যমে। তারা শুরুতে বিপুল পরিমাণ টিকিট কিনে নেয় এবং পরে চাহিদাকে পুঁজি করে কয়েক শ গুণ দামে বিক্রি করে।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
নতুন আইনের ফলে এখন পরিস্থিতি বদলে গেছে—
• টিকিট প্রত্যাহার: ফিফা তাদের প্ল্যাটফর্মটি নতুন আইনের সঙ্গে সংগতিপূর্ণ করতে টরন্টোর সব রিসেল লিস্টিং বন্ধ রেখেছে। কারিগরি পরিবর্তন শেষে এগুলো আবার সাইটে ফিরবে, তবে দাম থাকবে নিয়ন্ত্রিত।
• মুনাফাহীন বাজার: এখন থেকে কেউ টিকিট বিক্রি করতে চাইলে তাকে আসল দামেই তা করতে হবে। অর্থাৎ, টিকিট বিক্রি করে ব্যবসা করার সুযোগ বন্ধ হয়ে গেল।
• বিপুল জরিমানা: আইন অমান্য করলে ব্যক্তিগতভাবে ৩ হাজার ডলার এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে ২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।
এটি শুধু কানাডার টরন্টোর ছয়টি ম্যাচের জন্য। দেশটির ব্রিটিশ কলম্বিয়া কিংবা আমেরিকা ও মেক্সিকোতে এ ধরনের টিকিট বিক্রির কোনো আইনি বাধ্যবাধকতা নেই।