ফ্রান্সে ২ আগস্ট ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট ২০২৬’

ছবি: লেখকের পাঠানো

ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্য নিয়ে আগামী ২ আগস্ট (রোববার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট ২০২৬’। ফ্রান্সের সারসেল শহরের স্টাড এমিল জোলা মাঠে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে অফিওরা ও শাহ গ্রুপ।

উৎসবের সার্বিক প্রস্তুতি ও আয়োজন সম্পর্কে গণমাধ্যমকে জানাতে গত মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে অনুষ্ঠানস্থল স্টাড এমিল জোলা মাঠে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন (শাহ আলম) এবং অফিওরার পরিচালক কৌশিক রাব্বানী।

সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, উৎসবটি সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পাশাপাশি অনুষ্ঠানস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় ফরাসি পুলিশ ও পেশাদার নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করবেন।

উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে পরিবেশনা করবেন বাংলাদেশের জনপ্রিয় রক তারকা নগর বাউল জেমস। তাঁর পাশাপাশি স্থানীয় শিল্পীরাও সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবেন।

এ ছাড়া মেলায় বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার, পোশাক, হস্তশিল্প ও বিভিন্ন দেশীয় পণ্যের বৈচিত্র্যময় স্টল থাকবে, যা প্রবাসীদের কাছে দেশের আবহ তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।

আয়োজকদের প্রত্যাশা, ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট ২০২৬ শুধু একটি বিনোদনমূলক আয়োজনই নয়; বরং ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সাংস্কৃতিক ঐক্য, সামাজিক সম্প্রীতি এবং নতুন প্রজন্মের কাছে বাংলা ঐতিহ্য তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হবে।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]