বিচ্ছেদ নয়, শেষ পর্যন্ত ভালোবাসার জয়!

অলংকরণ: মাসুক হেলাল

স্বামীর ইশারা পেয়ে স্ত্রী এগিয়ে এসে স্বামীকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। সত্যিই, দৃশ্যটি ছিল অসাধারণ আবেগঘন।

এটি ছিল একটি সালিসের দৃশ্য। দীর্ঘ আলোচনা, সমালোচনা ও নানা কথাবার্তার পর শেষ সিদ্ধান্তে পৌঁছানোর পালা। সিদ্ধান্ত অনুযায়ী, স্বামী-স্ত্রীর বিচ্ছেদ হবে এবং ডিভোর্স পেপারে স্বাক্ষরের মাধ্যমে শেষ হবে তাঁদের সম্পর্ক।

এলাকাবাসীর সামনে স্ত্রী ডিভোর্স পেপার হাতে নিলেন। কলমও হাতে তুলে নিলেন স্বাক্ষর করার জন্য। কিন্তু ঠিক সেই মুহূর্তে মেয়েটি কিছুটা ভাবনায় পড়ে গেলেন। হয়তো মনে মনে ভাবছিলেন, এত দিনের ভালোবাসা, সংসার ও সম্পর্ক কি সত্যিই একটি স্বাক্ষরের মাধ্যমে শেষ হয়ে যাবে?

চারপাশে অসংখ্য মানুষ তাকিয়ে আছেন। মুরব্বিরাও অপেক্ষা করছেন। কিন্তু মেয়েটি যেন কিছুতেই কলম চালাতে পারছেন না। কারণ, একটি স্বাক্ষরই যে স্বামী-স্ত্রীর বন্ধন চিরতরে ছিন্ন করে দিতে পারে!

ঠিক সেই মুহূর্তে মেয়েটির দৃষ্টি পড়ল স্বামীর দিকে। স্বামী ইশারায় তাঁকে বুঝিয়ে দিলেন, স্বাক্ষর কোরো না। হয়তো সেই ছোট্ট ইশারার মধ্যেই লুকিয়ে ছিল হাজারো না–বলা কথা, ভালোবাসা আর একসঙ্গে বেঁচে থাকার আকাঙ্ক্ষা।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

এরপর যা ঘটল, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। শত শত মানুষের সামনে মেয়েটি চেয়ার ছেড়ে উঠে স্বামীর কাছে ছুটে গেলেন। স্বামীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। স্বামীও তাঁকে পরম মমতায় নিজের বাহুডোরে আটকে নিলেন।

সালিসে উপস্থিত মানুষগুলো অবাক হয়ে তাকিয়ে রইলেন। যেখানে কথা ছিল বিচ্ছেদের, সেখানে ঘটে গেল ভালোবাসার এক অসাধারণ মিলন। যে সম্পর্ক ভেঙে যাওয়ার কথা ছিল, সেই সম্পর্কই যেন নতুন করে বেঁচে থাকার শক্তি খুঁজে পেল।

হয়তো সেখানে উপস্থিত অনেকেই ভেবেছিলেন, এই সংসারের বিচ্ছেদ হওয়াই ভালো। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের সিদ্ধান্ত বদলে গেল। কারণ, স্বামী-স্ত্রীর সম্পর্ক শুধু কিছু অভিযোগ, অভিমান কিংবা তৃতীয় পক্ষের কথায় বিচার করার বিষয় নয়। এই সম্পর্কের সঙ্গে জড়িয়ে থাকে ভালোবাসা, বিশ্বাস, স্মৃতি এবং অসংখ্য আবেগ।

কথায় আছে, জন্ম, মৃত্যু ও বিয়ে এই তিন বিষয় মহান আল্লাহর ইচ্ছার অধীন। মহান সৃষ্টিকর্তা বিবাহের সম্পর্ককে বিশেষ মর্যাদা দিয়েছেন। তাই ছোটখাটো ঝগড়া, ভুল–বোঝাবুঝি কিংবা অভিমানের কারণে যেন একটি সুন্দর সংসার ভেঙে না যায়, সেদিকে আমাদের সবার খেয়াল রাখা উচিত।

আমাদের সমাজে অনেক সময় স্বামী-স্ত্রীর ব্যক্তিগত সমস্যায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ সম্পর্ককে আরও জটিল করে তোলে। তাই অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজেদের সমস্যাগুলো নিজেরা আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করুন। প্রয়োজন হলে পরিবারের দায়িত্বশীল ও নিরপেক্ষ মানুষের সহযোগিতা নিন।

সত্যি বলতে, মেয়েটি বিবাহবিচ্ছেদের পেপারে স্বাক্ষর না করে স্বামীকে জড়িয়ে ধরে যে আবেগ প্রকাশ করেছেন, তা প্রমাণ করে, তাঁদের সম্পর্কের গভীরতা কতটা। কিছু সম্পর্ক আছে, যেখান থেকে অভিমান করে দূরে সরে যাওয়া যায়, কিন্তু মন থেকে বিচ্ছিন্ন হওয়া এত সহজ নয়।

আমি এই স্বামী-স্ত্রীর জন্য মন থেকে দোয়া করি। মহান আল্লাহ যেন তাঁদের দাম্পত্য জীবনে শান্তি, ভালোবাসা ও বরকত দান করেন। তাঁদের সংসার যেন সারা জীবন সুখে-শান্তিতে ভরে থাকে।

সবার প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, নিজের পরিবারকে সম্মান করুন, জীবনসঙ্গীকে ভালোবাসুন এবং একে অপরের ভুলগুলো ক্ষমা করার মানসিকতা রাখুন। মনে রাখবেন, একটি সংসার গড়ে তুলতে অনেক সময় লাগে, কিন্তু ভেঙে যেতে সময় লাগে মাত্র কয়েক মুহূর্ত।

ভালোবাসা, বিশ্বাস ও পারস্পরিক সম্মান থাকলে একটি সংসারই হতে পারে পৃথিবীর সবচেয়ে সুন্দর আশ্রয়।

*লেখক: মোবারক হোসেন হৃদয়, অভিবাসী শ্রমিক, সিঙ্গাপুর।