অস্ট্রেলিয়ায় অভিবাসনে কড়াকড়ি, ঘোষণা কাল

অভিবাসন নিতে আগ্রহী ব্যক্তিদের তালিকায় অস্ট্রেলিয়া হচ্ছে অন্যতম আকর্ষণীয় দেশছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় অভিবাসন–প্রবাহের রাশ টানতে এবং ভিসাব্যবস্থার অপব্যবহার প্রতিরোধে নতুন ও কঠোর নীতিমালা ঘোষণা করতে যাচ্ছে দেশটির ক্ষমতাসীন লেবার সরকার। প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কযাত্রার আগেই এ বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হবে।

আগামীকাল বৃহস্পতিবার রাজধানী ক্যানবেরার ন্যাশনাল প্রেসক্লাবে অভিবাসন ও স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক আনুষ্ঠানিকভাবে সরকারের এই নতুন পরিকল্পনা তুলে ধরবেন। তাঁর নির্ধারিত বক্তব্যের শিরোনাম—‘অভিবাসন কর্মসূচি ব্যবস্থাপনা: কারা আসবে, কারা থাকবে এবং কারা চলে যাবে’।

সরকারি সূত্রে জানা গেছে, নতুন এ পরিকল্পনায় একবারে বড় ধরনের ছাঁটাইয়ের ঘোষণা না থাকলেও আগামী দুই বছরের মধ্যে বার্ষিক নিট অভিবাসন ৩ লাখ ৫ হাজার থেকে কমিয়ে ২ লাখ ২৫ হাজারে নামিয়ে আনার সুনির্দিষ্ট রূপরেখা রয়েছে। দীর্ঘদিন ধরে লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত অভিবাসী প্রবেশের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই পদক্ষেপ নিচ্ছে আলবানিজ প্রশাসন।

নতুন নীতিতে বিশেষ করে ভুয়া তথ্যে সুরক্ষা ভিসা বা রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রতিহত করা এবং পড়াশোনা শেষ হওয়ার পর আন্তর্জাতিক শিক্ষার্থীদের দফায় দফায় ভিসা পরিবর্তন করে অনির্দিষ্টকাল অবস্থানের সুযোগ সীমিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]