জার্মানির ফুলডায় ‘ঈদ-পয়লা বৈশাখ ১৪৩৩’ উদ্‌যাপন

ঝলমলে আবহাওয়ায় রঙিন উপস্থিতিছবি: লেখকের পাঠানো

জার্মানির ফুলডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস ইন ফুলডা–বিএসআইএফ (Bangladeshi Students in Fulda–BSiF)-এর উদ্যোগে গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে ‘ঈদুল ফিতর পুনর্মিলনী ও পয়লা বৈশাখ ১৪৩৩’ শীর্ষক বর্ণিল আয়োজন। প্রায় ৬৫ জন প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে দিনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।

সংগীত পরিবেশনা
ছবি: লেখকের পাঠানো

অনুষ্ঠানের শুরুতেই ছিল ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন। অংশগ্রহণকারীরা উপভোগ করেন খিচুড়ি, ইলিশ ভাজা, বেগুন ভাজা এবং বিভিন্ন ধরনের ভর্তা। প্রবাসের মাটিতে এমন দেশি খাবারের স্বাদ যেন সবার মনে এনে দেয় বাংলাদেশের স্মৃতি। আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল এই সুস্বাদু খাবার।

খাবার পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্য থেকেই অনেকে গান পরিবেশন করেন, যা পুরো পরিবেশকে করে তোলে আরও প্রাণবন্ত। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমে ওঠে এই সাংস্কৃতিক পর্ব।

এরপর পরিবেশন করা হয় বাঙালির প্রিয় নাশতা—মিষ্টি, নিমকি ও চটপটি। আড্ডা, গল্প আর হাসি-আনন্দে ভরে ওঠে পুরো আয়োজন।

খাবারের আয়োজন
ছবি: লেখকের পাঠানো

সৌভাগ্যক্রমে সেদিনের আবহাওয়াও ছিল অত্যন্ত মনোরম, যা অনুষ্ঠানের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। সব মিলিয়ে ফুলডার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য এটি ছিল এক স্মরণীয় মিলনমেলা।

বাংলাদেশি ফুলডা কমিউনিটির পয়লা বৈশাখ উদ্‌যাপন
ছবি: লেখকের পাঠানো

আয়োজক সংগঠন BSiF-এর পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের আয়োজন প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অংশগ্রহণকারীরাও ভবিষ্যতে এমন আয়োজন নিয়মিতভাবে করার প্রত্যাশা ব্যক্ত করেন।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]