লস অ্যাঞ্জেলেসে বিএনপির ইফতার মাহফিল
বিদেশের মাটিতে রাজনীতির গণ্ডি পেরিয়ে এক টুকরা বাংলাদেশের আমেজ ছড়িয়ে দিতে ইফতার মাহফিলের আয়োজন করে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য বিএনপি। স্থানীয় সময় রোববার বিকেলে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের নর্থ হলিউড রিক্রিয়েশন সেন্টারে আয়োজিত এই ইফতার মাহফিলে ক্যালিফোর্নিয়ায় বসবাসরত নানা শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
ইফতার মাহফিলে কারও হাতে খেজুর, কারও হাতে পানি, কাউকে কাউকে আবার পুরোনো পরিচিতদের সঙ্গে কোলাকুলি করতে দেখা যায়। সবার মুখে একটাই কথা, রমজানের এই মিলনমেলা প্রবাসেও ঐক্যের বার্তা বহন করে।
ইফতার মাহফিলে ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী (শিপলু) বলেন, ‘এই ইফতার মাহফিল শুধু রোজা ভাঙা নয়, এটি প্রবাসে আমাদের ঐক্য, বন্ধুত্ব এবং দেশের প্রতি ভালোবাসার প্রতীক।’ ক্যালিফোর্নিয়া বিএনপির সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান বলেন, ‘এই ধরনের মিলনমেলায় আমরা পুরোনো সম্পর্কগুলো জিইয়ে রাখতে পারি এবং নতুন বন্ধুত্বের সূত্র তৈরি করতে পারি।’ এ সময় বিএনপির নেতারা বাংলাদেশি কমিউনিটির সবাইকে ধন্যবাদ জানান।
ইফতারের আগে মিলনায়তনে নেমে আসে নীরবতা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণে মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলে অন্যদের মধ্যে ক্যালিফোর্নিয়া বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ নাসির জেবুল, বদরুল আলম মাসুদ, সাবেক সভাপতি আবদুল বাসেত, কাঞ্চন চৌধুরী, শামসুজ্জোহা বাবলু, সহসভাপতি আফজাল হোসাইন সিকদার, চপল আনসারি, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, সদস্য মাহতাব আহমেদ, সাংবাদিক কাজী মশহুরুল হুদা ও লস্কর আল মামুন, মিকাইল খান এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সভাপতি মোহাম্মদ আবদুল মুনিম ও সাধারণ সম্পাদক লায়েক আহমেদ উপস্থিত ছিলেন।