পর্তুগালে ‘বাংলাদেশি উইমেনস ফেয়ার’ অনুষ্ঠিত
পর্তুগালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশি উইমেনস ফেয়ার’ (Bangladesh Women’s Fair)। ২৩ মে লিসবনের সেন্ট্রো সোশ্যাল দে বেলেমে পর্তুগালে বাংলাদেশ দূতাবাস এবং জুন্তা দে ফ্রেগেসিয়া দে বেলেমের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
‘সীমানা ছাড়িয়ে উদ্যোক্তাদের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলার মূল লক্ষ্য ছিল প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৃজনশীলতা, দক্ষতা ও ব্যবসায়িক উদ্যোগকে স্থানীয় পর্তুগিজ সমাজের সামনে তুলে ধরা।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুন্তা দে বেলেমের প্রেসিডেন্ট জোয়াও কারভালহোসা, বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লায়লা মুনতাজির দীনা এবং হেড অব চ্যান্সারি এস এম গোলাম সারওয়ার। এ ছাড়া কাবো ভার্দে, নাইজেরিয়া ও ইউক্রেনের রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
অতিথিরা তাঁদের বক্তব্যে প্রবাসী বাংলাদেশি নারীদের উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন বাংলাদেশি কমিউনিটির সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেলায় বাংলাদেশি ঐতিহ্যবাহী হস্তশিল্প, বুটিক, নকশিকাঁথা, শাড়ি ও দেশীয় পোশাকের বিভিন্ন স্টল দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। পাশাপাশি পিঠাপুলি ও দেশীয় নানা খাবারের আয়োজনও ছিল মেলার অন্যতম আকর্ষণ।
দিনব্যাপী এ আয়োজন বিকেলের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও নারী উদ্যোক্তাদের সম্ভাবনাকে এক মঞ্চে তুলে ধরায় মেলাটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]