মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অংশগ্রহণে নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬। আগামী ৮ নভেম্বর ইউনিভার্সিটি মালায়ার দুটি ফুটবল মাঠে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৮টা থেকে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ শুরু হবে।

প্রবাসীদের বাংলাদেশিদের ফুটবল ক্লাব ‘বিডি এফসি মালয়েশিয়া’ ও বাংলাদেশ স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড সার্ভিসেসের যৌথ আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

রোববার সন্ধ্যায় কুয়ালালামপুর চোকিটের এসটো হোটেলের হলরুমে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন বিডি এফসির সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন। মো. সাইফুদ্দিন জানান, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পাবে ৬ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত, রানার্সআপ দল পাবে ৩ হাজার রিঙ্গিত এবং তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ১ হাজার ৫০০ রিঙ্গিত। পুরস্কারের পাশাপাশি বিজয়ী দলগুলোর জন্য থাকবে ট্রফি ও মেডেল। এ ছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্যও বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন বিডি এফসির যুগ্ম সম্পাদক যুবায়ের রহমান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিডি এফসির সভাপতি রাফেজ রহমান রাসেল, সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন, সিনিয়র সহসভাপতি মো. আলী আজগর মিলন ও মো. সোহাগ আহম্মেদ, সহসভাপতি শাহাজান আলম, সাংগঠনিক সম্পাদক অপু রাইহান এবং বিডি এফসির প্রতিষ্ঠাতা ইকবাল হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন স্পনসর প্রতিষ্ঠানের কর্ণধার মাজারুল আলম ও ইব্রাহিম, উপদেষ্টা আবদুল মবিন ভূঁইয়া, মোস্তফা ইমরান রাজু এবং বিভিন্ন দলের অধিনায়ক ও খেলোয়াড়েরা।

আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্ট মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করার পাশাপাশি প্রবাসীদের মধ্যে ক্রীড়াচর্চা ও ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।