যুক্তরাষ্ট্রের ৬২৯ পণ্যে ৮ সেপ্টেম্বর থেকে কানাডার পাল্টা শুল্ক, তালিকায় স্টিল-অ্যালুমিনিয়াম থেকে ইলেকট্রনিকস

কানাডা ও যুক্তরাষ্ট্রের পতাকাছবি: রয়টার্স

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য উত্তেজনা আরও বাড়ছে। যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের জবাবে আগামী ৮ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের ৬২৯টি পণ্যের ওপর ১৫, ২৫ ও ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। কানাডার অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকায় স্টিল, অ্যালুমিনিয়াম, দুগ্ধজাত পণ্য, কৃষি সরঞ্জাম, গৃহস্থালি সামগ্রী, পাল্প, কাগজ, ইলেকট্রনিকসসহ বিভিন্ন পণ্য রয়েছে।

কানাডা সরকারের তথ্য অনুযায়ী, নতুন কাউন্টার ট্যারিফের আওতায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় ২৭ দশমিক ৬ বিলিয়ন কানাডীয় ডলার মূল্যের পণ্য পড়বে। কোনো পণ্যের ওপর কত শুল্ক বসবে, তা সংশ্লিষ্ট পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কের সঙ্গে মিল রেখে নির্ধারণ করা হয়েছে। এখানে কানাডা ডলার টু ডলার নীতিতে ট্যারিফ আগাচ্ছে।

আরও পড়ুন

অর্থাৎ কানাডার পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করতে যত ডলার ট্যারিফ দিতে হবে কানাডাতে মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যকে পরিমাণ পরিমাণ ডলারের ট্যারিফ দিতে হবে।

কোনো কোনো পণ্যে শুল্ক?

কানাডার প্রকাশিত ৬২৯টির পণ্যের তালিকায় যা আছে :

স্টিল ও স্টিলজাত পণ্য

অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়ামজাত পণ্য

দুধ ও দুগ্ধজাত পণ্য

চিজসহ বিভিন্ন খাদ্যপণ্য

কৃষি যন্ত্রপাতি ও সরঞ্জাম

গৃহস্থালি ও বিভিন্ন অ্যাপ্লায়েন্সেস

কাঠ ও কাঠজাত পণ্য

পাল্প ও কাগজজাত পণ্য

ইলেকট্রনিক পণ্য ও যন্ত্রাংশ

বিভিন্ন শিল্প ও নির্মাণসামগ্রী

কিছু আসবাবপত্র ও অন্যান্য ভোগ্যপণ্য।

শুল্কের হার পণ্যভেদে ১৫, ২৫ অথবা ৫০ শতাংশ।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

সবচেয়ে গুরুত্বপূর্ণ-স্টিল ও অ্যালুমিনিয়াম

এই তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো স্টিল ও অ্যালুমিনিয়াম। এসব ধাতু শিল্পকারখানা, নির্মাণ, গাড়ি উৎপাদন, যন্ত্রপাতি এবং বিভিন্ন ভোগ্যপণ্য তৈরিতে ব্যবহৃত হয়। ফলে এসব পণ্যের ওপর উচ্চ শুল্ক বসলে শুধু আমদানিকারক নয়, ডাউনস্ট্রিম ম্যানুফ্যাকচারিং সেক্টর ও চাপের মুখে পড়তে পারে।

কানাডা-যুক্তরাষ্ট্রের সরবরাহব্যবস্থা অত্যন্ত আন্তনির্ভরশীল হওয়ায় শুল্কের প্রভাব শেষ পর্যন্ত উৎপাদন খরচ ও ভোক্তা দামের ওপরও পড়তে পারে।

কানাডার সাধারণ মানুষের জন্য কোন বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ?

সাধারণ ভোক্তার দৃষ্টিতে দুগ্ধজাত পণ্য, অ্যাপ্লায়েন্সেস, আসবাসপত্র, ইলেকট্রনিকস এবং বিভিন্ন গৃহস্থালি পণ্য বেশি গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা এসব পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বসলে আমদানিকারকদের খরচ বাড়তে পারে। সেই অতিরিক্ত ব্যয়ের একটি অংশ ভবিষ্যতে পণ্যের দামে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে এর অর্থ এই নয় যে ৮ সেপ্টেম্বর থেকেই সব পণ্যের দাম একই হারে বেড়ে যাবে। ব্যবসাপ্রতিষ্ঠান কতটা শুল্ক নিজেরা বহন করবে এবং কতটা ভোক্তার ওপর চাপাবে, তার ওপর চূড়ান্ত দাম নির্ভর করবে।

কানাডা ৮ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের ৬২৯ পণ্যে পাল্টা শুল্ক আরোপ করবে, বাণিজ্য উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে।

বাণিজ্যযুদ্ধের পেছনে কী ঘটছে?

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র কানাডার বিভিন্ন পণ্যের ওপর নতুন করে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। এর জবাবে কানাডা একই ধরনের পাল্টা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কানাডার নতুন কাউন্টার ট্যারিফ মূলত যুক্তরাষ্ট্রের সেকশন ৩৩৮ ও সেকশন ২৩২–এর আওতায় থাকা পণ্যের ওপর প্রয়োগ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট মার্কিন শুল্কের হার অনুসরণ করা হচ্ছে।

অন্যদিকে ক্ষতিগ্রস্ত কানাডীয় ব্যবসা ও কর্মীদের সহায়তায় প্রায় ৭ দশমিক ৫ বিলিয়ন কানাডিয়ান ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে কানাডিয়ান সরকার।

গাড়ি খাতও বড় ঝুঁকিতে

এই নতুন তালিকার বাইরেও কানাডার জন্য সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো অটোমোটিভ সেক্টর। যুক্তরাষ্ট্র এরই মধ্যে কানাডার গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ নিয়ে কঠোর শুল্কনীতি গ্রহণ করেছে এবং কানাডা বলেছে, ভবিষ্যৎ যেকোনো বাণিজ্যচুক্তিতে দেশটির গাড়ি উৎপাদন ও পার্টস ইন্ডাস্ট্রির স্বার্থ রক্ষা করতে হবে।

গাড়ি শিল্প কানাডার বিশেষ করে ওন্টারিও ও কুইবেক- প্রদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দীর্ঘমেয়াদি বাণিজ্যযুদ্ধ হলে এই খাতের ওপর চাপ বাড়তে পারে।

সামনে কী হতে পারে?

৮ সেপ্টেম্বরের পাল্টা শুল্ক কার্যকর হওয়ার পর কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে দুই দেশ আবার আলোচনায় ফিরবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

কানাডা বলছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দরজা পুরোপুরি বন্ধ করেনি। তবে দেশটির অবস্থান হলো—যেকোনো ভবিষ্যৎ চুক্তিতে কানাডার কর্মী, ব্যবসা ও গুরুত্বপূর্ণ শিল্পের স্বার্থ রক্ষা করতে হবে।