সুইডেন থেকে যাত্রা শুরু করল খালেদা জিয়া মেমোরিয়াল ইনস্টিটিউট

ছবি: আয়োজকদের পাঠানো

সুইডেনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল গবেষণামূলক প্রতিষ্ঠান খালেদা জিয়া মেমোরিয়াল ইনস্টিটিউট। এ ইনস্টিটিউটের লক্ষ্য সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন এবং রাষ্ট্রনায়কসুলভ ভূমিকা নিয়ে গবেষণা ও প্রামাণ্য কাজ পরিচালনা করা।

ইনস্টিটিউটের যাত্রা শুরুর প্রেক্ষাপটে খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে গত রোববার (৪ জানুয়ারি ২০২৬) সুইডেনের রাজধানী স্টকহোমের একটি অডিটরিয়ামে শোকসভা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টকহোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর রেহানা পারভিন এবং দূতাবাসের প্রথম সচিব নিজাম উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খালেদা জিয়া মেমোরিয়াল ইনস্টিটিউটের উদ্যোক্তাদের মধ্যে শাহাদাত হোসেন কাইজার, পাপেল খান, রাইসুল হকসহ প্রবাসী বাংলাদেশিরা।

ছবি: আয়োজকদের পাঠানো
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই–মেইল: [email protected]

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার মধ্য দিয়ে সভা শুরু হয়। আলোচনা সভায় বক্তারা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদানের কথা স্মরণ করেন।

খালেদা জিয়া মেমোরিয়াল ইনস্টিটিউটের অন্যতম উদ্যোক্তা শাহাদাত হোসেন কাইজার বলেন, খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক দর্শন ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতেই এই গবেষণামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে।

ছবি: আয়োজকদের পাঠানো

রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ বলেন, এই গবেষণামূলক প্রতিষ্ঠান খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তাঁর রাজনৈতিক আদর্শ ও নেতৃত্বকে আরও গভীরভাবে জানার সুযোগ তৈরি করবে।

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত অতিথিরা একটি শোকবইয়ে স্বাক্ষর করেন এবং খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। বিজ্ঞপ্তি