কবিতার চিৎকার
যদি কোনো দিন আবার কাউকে ভালোবাসতে ইচ্ছে করে
তাহলে দূরত্ব মেপেই ভালোবাসব,
যদি আবার কোনো দিন কারও সাথে প্রেম করতে ইচ্ছে করে
তাহলে দিগন্ত মেপেই প্রেম করব
কেননা, যে প্রেমে দিগন্ত আছে
তা কুয়াশার মতো
এই আছে তো এই নেই
যেন শূন্যতার ছায়া,
কত অন্তরঙ্গ শব্দে আমরা কথা বলি
অথচ সে কখনো খেয়ালিপনা, কখনো অনুগতা
কত কথা আমার অন্তরের শূন্যস্থানে।
আমি নক্ষত্রের দিকে যেতে চাইলাম
সে বলল, সেখানে আগুন
ধ্বংস অনিবার্য
এ যেন সময়কে সে নিজ হাতেই সরিয়ে দিল
অথচ অন্ধকারেও তার ছায়া
আমার সাথে গল্প করে
আকাশের জিহ্বায় ঝুলে থাকা মেঘের মতো,
আমি দূরদেশে বসে মেঘের পদধ্বনি শুনি
শিকড়ের গল্প শুনি
জল আর আগুনের গল্প শুনি ,
শব্দের ভগ্নাংশগুলোয় তখন সুরের প্রণয় জাগে
শব্দের ছায়াপথ যেন লুকিয়ে থাকে তার ভিতর
প্রতিটি শব্দই যেন তখন একেকটি মুক্তা হয়ে ঝরে
প্রতিটি শব্দই যেন তখন একেকটি মহাকাব্যের ভ্রূণ
এ যেন আমার কবিতার চিৎকার।
লেখক: শরীফুল আলম, বোর্ড মেম্বার, পিভিসি কন্টেইনার করপোরেশন ইউএসএ, কলামিস্ট ও কবি
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]