প্রবাসে জীবন: চেক প্রজাতন্ত্রে বাংলাদেশিদের ছোট্ট কিন্তু সংগ্রামী এক সমাজ
ইউরোপের হৃদয়ে অবস্থিত চেক প্রজাতন্ত্র—প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য এবং শৃঙ্খলাবদ্ধ নাগরিক ব্যবস্থার জন্য পরিচিত একটি দেশ। এখানকার রাজধানী প্রাগ আজ শুধু পর্যটকদেরই নয়, বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছেও এক সম্ভাবনার শহর। এই শহরেই ধীরে ধীরে গড়ে উঠেছে বাংলাদেশিদের একটি ছোট কিন্তু প্রাণবন্ত প্রবাসী সমাজ।
বর্তমানে অনুমান করা হয়, চেক প্রজাতন্ত্রে প্রায় হাজারের বেশি বাংলাদেশি বসবাস করছেন। বেশির ভাগই এখানে এসেছিলেন ছাত্র হিসেবে—স্বপ্ন ছিল উন্নত শিক্ষার, নতুন অভিজ্ঞতার, আর নিজের ভবিষ্যৎ গড়ার। সেই স্বপ্নের পথ ধরে অনেকেই আজ প্রতিষ্ঠিত। কেউ বহুজাতিক কোম্পানিতে কাজ করছেন, কেউ প্রযুক্তি খাতে, আবার কেউ ব্যবসা শুরু করেছেন।
সময়ের সঙ্গে সঙ্গে তাঁরা বিয়ে করেছেন, পরিবার গড়েছেন, সন্তান জন্ম দিয়েছেন—অর্থাৎ এই দেশেই তৈরি হয়েছে তাঁদের নতুন জীবন।
তবু প্রবাসের জীবন সব সময় সহজ নয়। পরিবার নিয়ে বিদেশে থাকা মানে প্রতিটি ছোট কাজও নিজের কাঁধে তুলে নেওয়া। আত্মীয়স্বজন নেই, পরিচিত সামাজিক কাঠামো নেই—সবকিছুই যেন নতুন করে শেখা।
একটি বাস্তবতা: দূরে থেকেও দেশের সেবার অভাব—
চেক প্রজাতন্ত্রে বসবাসকারী বাংলাদেশিদের জন্য একটি বড় সমস্যার নাম—বাংলাদেশের কোনো দূতাবাস বা কনস্যুলেটের অনুপস্থিতি। এর ফলে প্রবাসীদের অধিকাংশ সরকারি কাজের জন্য নির্ভর করতে হয় Embassy of Bangladesh in Berlin–এর ওপর।
বিশেষ করে যখন একটি পরিবারে নতুন শিশুর জন্ম হয়, তখন আনন্দের সঙ্গে শুরু হয় আরেকটি জটিল প্রশাসনিক প্রক্রিয়া। সন্তানের জন্মনিবন্ধন, পাসপোর্ট আবেদন—সবকিছুই করতে হয় অনলাইনে বা ডাকযোগে।
কিন্তু বাস্তবে এই প্রক্রিয়া অনেক সময়ই অত্যন্ত বিভ্রান্তিকর হয়ে দাঁড়ায়।
অনলাইন ফর্মে অনেক সময় দেশের তালিকায় ‘Czech Republic’ নির্বাচন করার অপশন স্পষ্ট থাকে না, অথবা তথ্য যাচাইয়ের সময় দেখায় ‘cannot verify information’। অনেক মা–বাবা বারবার চেষ্টা করেও ফর্ম পূরণ করতে পারেন না। শেষ অবধি পারলেও আবেদন প্রিন্ট করা যায় না সার্ভার জটিলতায় এবং অদ্ভুত নিয়ম মেনে সমস্ত কাগজপত্র প্রিন্ট করে ডাকযোগে বা সরাসরি বার্লিনে পাঠাতে হয়।
বার্লিন দুতাবাসে ফোন করলে লম্বা সময় অপেক্ষা করে অনেক সময় প্রয়োজনীয় তথ্য পাওয়া যায় না।
একটি সদ্যোজাত শিশুকে নিয়ে সীমিত সময় আর দায়িত্বের ভিড়ে এই প্রক্রিয়া প্রবাসী বাবা-মায়ের জন্য হয়ে ওঠে মানসিক চাপের কারণ।
একটি ছোট গল্প, হাজার প্রবাসীর অনুভূতি—
প্রাগে বসবাসরত এক বাংলাদেশি দম্পতির গল্প ধরা যাক। দীর্ঘ পড়াশোনা আর কঠোর পরিশ্রমের পর তাঁরা দুজনেই ভালো চাকরি পেয়েছেন। ছোট্ট একটি অ্যাপার্টমেন্ট, সপ্তাহান্তে বন্ধুদের সঙ্গে আড্ডা, মাঝেমধ্যে দেশের খাবার রান্না—এভাবেই চলছিল তাঁদের প্রবাসজীবন।
একদিন তাঁদের ঘরে এল নতুন অতিথি—একটি ফুটফুটে সন্তান। হাসপাতাল থেকে মাত্র কয়েক দিনের মধ্যেই চেক সরকারের পক্ষ থেকে জন্মসনদ তৈরি হয়ে গেল। কিছুদিন পর সেটি ডাকবাক্সে এসে পৌঁছাল।
সবকিছু যেন কত সহজ, কত সংগঠিত—
কিন্তু যখন সেই শিশুর বাংলাদেশি জন্মনিবন্ধন ও পাসপোর্টের আবেদন করতে গেলেন, তখনই শুরু হলো জটিলতার গল্প। অনলাইন ফর্ম কাজ করছে না, তথ্য যাচাই হচ্ছে না, বারবার নতুন করে আবেদন করতে হচ্ছে। অবশেষে সব কাগজপত্র গুছিয়ে ডাকযোগে বার্লিন পাঠাতে হলো। ফিরতি খাম ও জার্মান ডাকটিকিট দিয়ে পাঠাতে হবে। যেটা আবেদন করার সময় পোস্ট করার খরচসহ নিয়ে নিতে পারে। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কতশত জটিলতা তৈরি হয়, যা একটু সদিচ্ছা থাকলে সহজেই এড়ানো সম্ভব।
তখন মনে প্রশ্ন জাগে—
যে কাজ একটি উন্নত দেশের প্রশাসন কয়েক দিনের মধ্যে সহজভাবে করে দিতে পারে, সেই একই কাজ প্রবাসী বাংলাদেশিদের জন্য এত জটিল কেন?
প্রযুক্তির যুগে সহজ সমাধান কি সম্ভব নয়?
আজকের দিনে প্রায় সব সরকারি সেবাই ডিজিটাল হচ্ছে। যদি অনলাইন আবেদনব্যবস্থাকে আরও ব্যবহারকারীবান্ধব করা যায়, যদি প্রবাসীরা সহজে নিজেদের দেশ নির্বাচন করে তথ্য যাচাই করতে পারেন—তাহলে অনেক সমস্যাই কমে যাবে।
ডকুমেন্ট আপলোডের মাধ্যমে যাচাই করে দূতাবাস চাইলে নিজেই হার্ড কপি সংরক্ষণ করতে পারে। এতে করে প্রবাসীদের বারবার কাগজপত্র পাঠানোর ঝামেলা কমবে। পাসপোর্ট আবেদনেও একই ধরনের সহজীকরণ করা সম্ভব।
প্রবাসীরা শুধু রেমিট্যান্স নয়, দেশের দূতও
প্রবাসে বসবাসকারী বাংলাদেশিরা শুধু অর্থ পাঠান না; তাঁরা বহন করেন দেশের সংস্কৃতি, পরিচয় ও সম্মান। তাঁদের সন্তানেরা বিদেশের মাটিতে বড় হলেও শিকড় থাকে বাংলাদেশের সঙ্গে। তাই প্রবাসীদের জন্য প্রশাসনিক সেবা সহজ করা মানে শুধু একটি প্রক্রিয়া সহজ করা নয়, এটি দেশের প্রতি তাঁদের সম্পর্ককে আরও শক্তিশালী করা।
চেক প্রজাতন্ত্রে বসবাসকারী বাংলাদেশিরা সংখ্যায় হয়তো খুব বেশি নয়, কিন্তু তাঁদের প্রত্যাশা খুব সাধারণ—
দেশ যেন তাঁদের একটু সহজভাবে পাশে দাঁড়ায়।
কারণ, হাজার মাইল দূরে থেকেও হৃদয়ের এক কোণে বাংলাদেশ সব সময়ই ঘর হয়ে থাকে।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]