সিডনিতে বাংলাদেশি উদ্যোক্তার হাতে অস্ট্রেলিয়ার সেরা সৌরশক্তি পুরস্কার

স্মার্ট এনার্জি এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ গালা ডিনারে ‘স্মার্ট ইনস্টলার অ্যাওয়ার্ড’ হাতে ইলেকট্রিফাইং অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী শ্যামল পাল জ্যাকি এবং পরিচালন ব্যবস্থাপক সুস্মিতা চৌধুরীছবি: ইলেকট্রিফাইং অস্ট্রেলিয়ার সৌজন্যে

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশি উদ্যোক্তা পেল অস্ট্রেলিয়ার সেরা সৌরশক্তি পুরস্কার। সম্প্রতি সিডনিতে অনুষ্ঠিত স্মার্ট এনার্জি কাউন্সিলের বার্ষিক পুরস্কার ও গালা ডিনারে সিডনিভিত্তিক বাংলাদেশি মালিকাধীন প্রতিষ্ঠান ইলেকট্রিফাইং অস্ট্রেলিয়া মর্যাদাপূর্ণ ‘স্মার্ট ইনস্টলার অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল পাল জ্যাকি একজন বাংলাদেশি অভিবাসী উদ্যোক্তা, যাঁর অদম্য সংগ্রাম ও দূরদর্শী নেতৃত্ব আজ অস্ট্রেলিয়ার সৌরশক্তি দুনিয়ায় নতুন মাত্রা যোগ করেছে।

স্মার্ট এনার্জি কাউন্সিল অস্ট্রেলিয়ার নবায়নযোগ্য জ্বালানি শিল্পের সবচেয়ে প্রভাবশালী সংগঠনগুলোর একটি। এ বছর দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত স্মার্ট এনার্জি এক্সেলেন্স অ্যাওয়ার্ডে মোট ১০টি বিভাগে পুরস্কার দেওয়া হয়। সারা দেশ থেকে আড়াই শতাধিক আবেদন জমা পড়ে এবং বিচারকমণ্ডলী দীর্ঘ যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে ইলেকট্রিফাইং অস্ট্রেলিয়াকে স্মার্ট ইনস্টলার বিভাগে শীর্ষ পুরস্কার প্রদান করে।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

ইলেকট্রিফাইং অস্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, ভিক্টোরিয়া ও অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিজুড়ে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের জন্য সৌর প্যানেল, ব্যাটারি, বৈদ্যুতিক গাড়ির চার্জার এবং বিদ্যুৎ সঞ্চয় ব্যবস্থা স্থাপনে কাজ করছে।

পুরস্কার গ্রহণের মুহূর্তে শ্যামল পাল জ্যাকি আবেগঘন কণ্ঠে বলেন, ‘অস্ট্রেলিয়া আমাকে গ্রহণ করেছে, সুযোগ দিয়েছে। তাই এই পুরস্কার আমি উৎসর্গ করছি সেই সব সৌরব্যবসায়ী, প্রকৌশলী, স্থাপনকারী, ছাদ নির্মাতা, কল সেন্টার কর্মী, পেছনের দলের সদস্য এবং নীতিনির্ধারকদের, যাঁরা প্রতিদিন রাত জেগে এই শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’

প্রতিষ্ঠানটির পরিচালন ব্যবস্থাপক সুস্মিতা চৌধুরীর নেতৃত্ব ও পরিচালনা এই সাফল্যের অন্যতম মূল চালিকা শক্তি হিসেবেও উল্লেখ করেন তিনি।

সিডনির শিফলির সংসদ সদস্য ও সাবেক ফেডারেল মন্ত্রী এড হুসিক এই অর্জনে শ্যামল পালকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘অভিনন্দন এবং দেশের জন্য যা করছ তার জন্য ধন্যবাদ।’

শ্যামল পাল ইতিমধ্যে বৈশ্বিক পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে জ্বালানি স্বনির্ভরতার পথে নেতৃত্ব দিতে নবায়নযোগ্য প্রযুক্তি ও সৌরপণ্য রপ্তানির স্বপ্ন দেখছেন তিনি।