আমি দেয়াল হব
ওরে ওরে ওরে—শোন রে মানুষ, শোন রে ভাই,
দেয়ালেরও চোখ আছে, মুখ যে তাহার নাই।
রাইতে যখন আঁধার নামে, চাঁদ লুকায় মেঘের ঘোরে,
আমি দেয়াল হইয়া থাকব, নীরব ওই ঘরের দ্বারে।
আমি দেয়াল হব, নীরব পাথর, দাঁড়ায়ে রব রাতের আঁধারে,
এক পরিবারের কান্না শুনব, শেষ আহাজারির হাহাকারে।
ইট-পাথর আর চুন-সুরকিতে গড়ব আমি বুকের ঘর,
মানুষের হাসি-কান্না জমবে, জমবে কত নীরব প্রহর।
মায়ের চোখের সামনে শুনব, সন্তানের শেষ কান্নাখানি,
বাপের বুকের চাপা আর্তি, দেয়াল ছাড়া কেই–বা জানি?
আমি দেয়াল হব, ওরে আমি দেয়াল হব,
কথা কইব না, চোখ বুজব না, সত্যের সাক্ষী রব।
ওরে ওরে আমি দেয়াল হব রে,
নীরব রাতের গোপন কথা বুকে লিখে রব রে।
আল-বদর, রাজাকারের ঘরেও ইতিহাসের দেয়াল হব,
নকশাল কিংবা মুক্তিযোদ্ধার পালায় থাকা ঘরেও রব।
শরণার্থীর ফেলে যাওয়া শূন্য ঘরের দেয়াল হব,
ধুলোমাখা সেই উঠোনখানার পুরান কথা মনে রাখব।
ছিল হাসি, ছিল আশা, ছিল কত অভিমান,
ভোরের আগে কে যে কাইড়া নিল রে সেই সুখের প্রাণ?
ওরে ওরে ওরে, কোন পথে যায় মানুষ,
মানুষ হইয়া মানুষ যদি হারায় মনের হুঁশ।
ওরে ওরে, আমি দেয়াল হব,
যা দেখেছি বুকের ভেতর চিরকাল তা রাখব।
সাগর-রুনির ঘরের দেয়াল যদি কথা কইতে পারত,
কে আইল, আর কে গেল রে, যা দেখেছে সব জানাইত।
নিথর হইয়া দেয়াল থাকে, সময় চলে রাতের স্রোতে,
সত্য যদি লুকায় মানুষ, প্রশ্ন থাকে দেয়ালজুড়ে।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
আমি দেয়াল হব,
ওরে ওরে ওরে আমি দেয়াল হব।
পুলিশের ঘর, নেতার ঘর, সবখানে দেয়াল হব।
চোরের ঘর, নিরপরাধের, নীরব সাক্ষী রব!
মুখে ধর্ম, মুখে নীতি, মুখে মানবতার বাণী,
মনের ভিতর কি লুকানো, সে তো অন্তর্যামী জানি!
সবাই জানে, সবাই শোনে, তবু কেন যে এত নীরবতা?
মানুষ যদি দেয়াল হয় রে কোথায় তবে মানবতা?
বল রে মানুষ, কোথায় মানবতা?
ওরে মানুষ, কোথায় মানবতা?
আমি দেয়াল হব, ওরে আমি দেয়াল হব,
রাজসাক্ষীর মতো দাঁড়ায়ে সেই রাত মনে রাখব।
আমি দেয়াল হব, ওরে আমি দেয়াল হব,
মিথ্যের নিচে চাপা সত্যি একদিন আলোয় আনব।
মৃত্যুর আগে যারা কাঁদে, তাদের কান্না ভুলব না,
মানুষ চলে যায় রে মানুষ, সত্য যেন হারায় না।
ওরে, কলকাতার সেই আর জি করের অভাগী অভয়ার দেয়াল হব,
নীরব হয়ে যা দেখেছি, তারও সাক্ষী হয়ে রব।
গণপতি স্যারের ঘরের দেয়াল হইয়া যদি থাকতে পারি,
শোনা দেখা সত্যের কথা রাখব বুকে সারি সারি।
ওরে ওরে আমি দেয়াল হব রে, আমি দেয়াল হব,
আমি দেয়াল হব, আমি দেয়াল হব।
লেখক: অমিয় দাশ, ফার্মাসিস্ট, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র। Email: [email protected]