সিডনিতে শেষ হলো বাংলাদেশি চিকিৎসকদের দুই দিনের বৃহৎ সম্মেলন

সম্মেলনের সফল সমাপ্তিতে একসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করছেন অংশগ্রহণকারী চিকিৎসকেরাছবি: প্রথম আলো

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের দুই দিনের বৃহৎ বার্ষিক সম্মেলন শেষ হয়েছে। দেশটির বিভিন্ন রাজ্যের বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশ মেডিকেল সোসাইটিজ অব অস্ট্রেলিয়া (এফবিএমএসএ)’ এ আয়োজন করে। ২৬ ও ২৭ সেপ্টেম্বর সিডনির পেনরিথে ওয়েস্টার্ন সিডনি কনভেনশন সেন্টারে এর আয়োজন হয়। এতে চিকিৎসক ও তাঁদের পরিবারের সদস্যসহ ছয় শতাধিক অতিথি অংশ নেন।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
অনুষ্ঠানের একাংশ।
ছবি: এফবিএমএসএ

সম্মেলনটি প্রতিবছর পালা করে অস্ট্রেলিয়ার একেক রাজ্যে হয়। এবার আয়োজনের দায়িত্বে ছিল সিডনির রাজ্য নিউ সাউথ ওয়েলসের বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন ‘বাংলাদেশ মেডিক্যাল সোসাইটি’।

সম্মেলনের আহ্বায়ক ফাইজুর রেজা প্রথম আলোকে বলেন, ‘আমাদের কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই। শিকড়ের টানে একত্র হয়ে বাংলাদেশের চিকিৎসাসেবা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশি চিকিৎসকদের পারস্পরিক সহযোগিতা বাড়ানোই আমাদের মূল লক্ষ্য।’

সম্মেলনের মঞ্চে এক ফ্রেমে উপস্থিত আয়োজকের একাংশ ও অতিথিবৃন্দ
ছবি: প্রথম আলো

অনুষ্ঠানে অতিথি ছিলেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের মন্ত্রী জিহাদ দিব, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম সিদ্দিকী এবং অস্ট্রেলিয়ার চিকিৎসকদের সংগঠন অস্ট্রেলিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের নিউ সাউথ ওয়েলস রাজ্য শাখার সভাপতি ফ্রেড বেট্রোস।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশের সংগীতশিল্পী নকীব খান
ছবি: আকাশ দে

রোববার সকালে শুরু হয় বৈজ্ঞানিক অধিবেশন। এতে হৃদ্‌রোগ, ক্যানসার, কিডনি রোগ এবং শিশুদের স্নায়ুরোগের চিকিৎসায় সাম্প্রতিক অগ্রগতি নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

সম্মেলনের বার্ষিক সাধারণ সভায় এফবিএমএসএর নতুন কমিটি গঠন করা হয়। রশিদ আহমেদ সভাপতি এবং গোলাম সারোয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ‘এলিক্সির’ নামে একটি স্মারক প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরাও অংশগ্রহণ করেন
ছবি: আকাশ দে

সম্মেলনের বিভিন্ন পর্ব সমন্বয় করেন আয়োজনের সভাপতি নাসিম জেসি চৌধুরী, এফবিএমএসএর বিদায়ী সভাপতি মোশাররফ হোসেন খান এবং আয়োজক সংগঠনের সভাপতি মেহেদী ফারহানসহ অনেকে।