জনযুদ্ধের একজন গণযোদ্ধা

কামরুল হাসান ভূঁইয়া। সংগৃহীত ছবি
কামরুল হাসান ভূঁইয়া। সংগৃহীত ছবি

বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ নিয়ে যেমন রাজনীতি হয়, ঠিক তেমনি সেটা মধ্যবিত্তের চায়ের কাপে ঝড়ও তোলে। এর বাইরে ছাত্রদের মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করতে দেখা যায়। কিন্তু সেখানেও রাজনীতি ঢুকে পড়েছে। তাই মুক্তিযুদ্ধের বিশালতা নিয়ে এক ধরনের দ্বন্দ্ব নিয়েই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে উঠছে। মুক্তিযুদ্ধের বিশালতা ও ব্যাপকতা নিয়ে বাংলাদেশে সেই অর্থে কোনো প্রকার গবেষণা হয়নি। মুক্তিযুদ্ধ বলতে এখনো মানুষ সেক্টর কমান্ডার ও সাতজন বীরশ্রেষ্ঠদেরই বোঝে। যাদের সকলেই তৎকালীন পাকিস্তান সামরিক বাহিনীর সদস্য ছিলেন। তাই দিন শেষে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে পক্ষত্যাগী বাঙালি সেনাদের যুদ্ধ বলেই প্রতীয়মান হয়। কিন্তু মুক্তিযুদ্ধ শুধুমাত্র তাদের যুদ্ধ ছিল না। এটা ছিল বাংলাদেশের স্বাধীনতার জন্য আপামর জনগণের সশস্ত্র সংগ্রাম। আর সেই সংগ্রামে বাংলাদেশের সব শ্রেণির মানুষের আন্তরিক অংশগ্রহণই ছিল একটা অসাম্য যুদ্ধ জয়ের মূলমন্ত্র। তা না হলে খাতাকলমে হিসাব করে কোনোভাবেই পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করা সম্ভব ছিল না।

পাঠ্যপুস্তক ও মুক্তিযুদ্ধের কিছু বই পড়ে আমার মনেও সেই একই ধারণা তৈরি হয়েছিল। কিন্তু আমার সেই ধারণাতে চিড় ধরিয়েছিল একটিমাত্র বই, যেটার নাম জনযুদ্ধের গণযোদ্ধা। বইটা পড়ি আর অবাক হয় এই ভেবে যে, বাংলাদেশের আপামর জনসাধারণ কীভাবে নিজের সর্বস্ব বিকিয়ে দিয়েছিল। নিজের বাড়িঘর, আত্মীয়স্বজন থেকে শুরু করে নিজের ইজ্জত যেটা একজন মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ এমনকি নিজের জীবনকেও অবলীলায় বাজি রেখে যুদ্ধ করেছে। সেই সময়ে আসলে তার মনের মধ্যে কী অনুভূতি খেলা করেছিল সেটারও কিছুটা আঁচ পাওয়া যায় ওই বইতে। লেখক অত্যন্ত সংবেদনশীলতার মাধ্যমে মুক্তিযুদ্ধের সেই সব অসংখ্য জনযোদ্ধার মনের গভীরের ভাবকে আবিষ্কার করার চেষ্টা করেছেন। যারা জীবিত ছিলেন জীবনসংগ্রামে তারা কীভাবে টিকে আছেন সেটাও বলেছেন বেশ কয়েকটা গল্পে। তাই বইটা পড়ার পর থেকে বইয়ের লেখক মেজর (অব.) কামরুল হাসান ভূঁইয়াকে মনে মনে খুঁজছিলাম।

২০০৮ সালের একুশে বইমেলাতে আমার সেই সুযোগটা তৈরি হলো। সেন্টার ফর লিবারেশন ওয়ার স্টাডিজের স্টলে স্যারের দেখা পেলাম। সৌম্যকান্তি মাঝবয়সী ভদ্রলোক। চশমাটা ঠিক চোখের ওপর না বসিয়ে নাকের ওপর বসিয়ে রেখেছেন এবং শুধুমাত্র লেখার সময় ছাড়া অন্যসময় চশমার বাইরে দিয়ে তাকিয়েই কথা বলছেন। স্টলে তেমন একটা ভিড় নেই। কারণ, বাংলাদেশের মানুষের কাছে রঙিন পর্দার মানুষদের বাইরে বিখ্যাত লেখকেরাই শুধুমাত্র সেলিব্রিটি। তাই একজন জলজ্যান্ত মুক্তিযোদ্ধা তাদের সামনে দিয়ে হেঁটে গেলেও তাদের শরীরে কোনো প্রকার শিহরণ তৈরি হয় না। একজন স্যারের সঙ্গে কথা বলছেন দেখে, আমি স্টলে ঘুরছিলাম আর বই দেখছিলাম। বিক্রেতা ছেলেটাকে জিজ্ঞেস করলাম, স্যারের নতুন কি বই এসেছে। তখন ছেলেটা বলল, স্যার একটা নতুন সিরিজ লেখা শুরু করেছেন, নাম ‘স্বাধীনতা’।

আমি বললাম, ঠিক আছে তাহলে সেটাই দিন। এ সময় সেই লোকের সঙ্গে স্যারের কথা শেষ হলে আমি এগিয়ে গেলাম। শুরুতে কুশল জিজ্ঞেস করাতে স্যার বললেন, এই বয়সে আর কীভাবে ভালো থাকি বল। শরীরের তো বয়স বেড়ে যাচ্ছে। আমি বললাম, স্যার যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আপনার কি অবস্থান। স্যার বললেন, শোন তোমাদের জন্য একটা স্বাধীন দেশ এনে দিয়েছি আমরা, বাকিটা তোমাদেরকে এগিয়ে নিতে হবে। এই কথাটা আমাকে খুবই মুগ্ধ করেছিল। কারণ কোনো জ্ঞানী ব্যক্তিকে এমন প্রশ্ন করা মাত্রই তিনি মোটামুটি ছোটখাটো সাইজের একটা জ্ঞানগর্ভ বক্তৃতা দেওয়া শুরু করে দেন। কিন্তু স্যার আমাকে পুরোপুরি বাস্তবসম্মত একটা উত্তর দিলেন।

লেখককে দেওয়া কামরুল হাসান ভূঁইয়ার অটোগ্রাফ
লেখককে দেওয়া কামরুল হাসান ভূঁইয়ার অটোগ্রাফ

এরপর স্যারের সঙ্গে আরও অনেকক্ষণ কথা হয়েছিল। যদিও সময়ের হিসাবে সেটা ছিল মাত্র কয়েকটা মুহূর্ত। একেবারে শেষে আমি আমার বইটা স্যারের দিকে এগিয়ে দিলাম অটোগ্রাফের জন্য। স্যার আমাকে নাম জিজ্ঞেস করলেন। আমি নাম বলার পর, স্যার বেশ কিছুক্ষণ ধরে কী যেন লিখলেন। তারপর বইটা বন্ধ করে আমার দিকে ফিরিয়ে দিলেন। আমি স্যারের সঙ্গে হাত মেলানোর জন্য আমার হাতটা বাড়িয়ে দিলাম। কোনো মুক্তিযোদ্ধার সঙ্গে হাত মেলাতে গেলেই আমার শরীরে আমি এক ধরনের শিহরণ অনুভব করি। কারণ এই হাত দিয়েই তিনি মুক্তিযুদ্ধে অস্ত্র ধরে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেছেন।

স্যারের সঙ্গে হাত মিলিয়ে ঘুরে দাঁড়িয়েই আমি বইটা খুলে দেখলাম স্যার কী লিখেছেন। স্যার লিখেছেন—‘ইয়াকুব তোমাদের দিকে চেয়ে বেঁচে আছি।’ আমি সঙ্গে সঙ্গে স্যারের দিকে ঘুরে তাকালাম। দেখলাম স্যার স্মিতহাস্যে আমার দিকে তাকিয়ে আছেন। স্যারের হাসিটা এখনো আমার মনে দাগ কেটে আছে।

এরপর স্যারের কথা যথারীতি বেমালুম ভুলে গেলাম। তবে ফেসবুকের কল্যাণে আবার স্যারকে খুঁজে পেলাম। তারপর থেকেই স্যারকে ফলো করা শুরু করলাম। কিন্তু ফেসবুকও ব্যবসা ভালোই বোঝে। যারাই ফেসবুকে বেশি অ্যাকটিভ শুধুমাত্র তাদের পোস্টগুলোই নিউজফিডে ঘুরেফিরে আসে। স্যারের পোস্ট আর তেমন পাইনি। স্যার বাস্তব জীবনেও যেমন নিভৃত জীবনযাপন করতেন, তাঁর ফেসবুকও তেমনি নীরব নিশ্চুপ। এরপর হঠাৎ একদিন দেখি গেরিলা ১৯৭১ পেজে স্যারের বিদায় সংবাদ। স্যার এই পৃথিবীর মায়া ত্যাগ করে অন্য ভুবনে পাড়ি জমিয়েছেন। নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না, তাই স্যারের পেজে গিয়ে দেখলাম সেটাতেও পরিবর্তন এসেছে। তখন বুঝলাম স্যার আর আমাদের মধ্যে নেই। তখন স্যারের মেয়েকে স্যারের দেওয়া অটোগ্রাফের ছবিটা পাঠিয়ে রাখলাম। পরে দেখলাম রাতের বেলা তিনি মেসেজ দিয়েছেন, ‘আমার বাবার হাতের লেখা, কত প্রাণবন্ত। কে বলবে যে এই মানুষটা এখন আমাদের মাঝে নেই। বলতে পারেন বাবাকে ছাড়া মানুষ কীভাবে বাঁচে? আমার বাবাই ছিল আমার সব।’ এক নিশ্বাসে কথাগুলো লিখে গেলেন তিনি। আমি শুধু মেসেঞ্জারে ওনার কথাগুলো পড়ার চেষ্টা করছি কারণ বারবারই চোখটা ঝাপসা হয়ে আসছে।

মেজর (অব.) কামরুল হাসান ভূঁইয়া ছিলেন একজন আপাদমস্তক সাধারণ মানুষ। নিজে ক্যাডেট কলেজে পড়েছেন। উচ্চমাধ্যমিক পরীক্ষার আগেই যোগ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে। তারপর সেনাবাহিনীর চাকরি ও সেখান থেকে স্বেচ্ছা অবসর। তারপর মুক্তিযুদ্ধের গবেষণায় নিজেকে উৎসর্গ করেছিলেন। নিজেকে কিন্তু আড়াল করে রেখেছিলেন সব সময়ই প্রচার থেকে। স্যারের কথা ও বইয়ের ভাষা দুটোতেই একটা বিষয় খুবই জোর দিয়ে পরিষ্কারভাবে এসেছে। সেটা হলো বাংলাদেশের সাধারণ মানুষের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের বিষয়টা। স্যার বিশ্বাস করতেন আমরা যত দিন পর্যন্ত সেই সকল সাধারণ যোদ্ধাদের সম্মানিত না করতে পারব তত দিন পর্যন্ত মুক্তিযুদ্ধের প্রকৃত তাৎপর্য অর্জিত হবে না।

তথ্য প্রযুক্তির উৎকর্ষের এই দিনে আমাদের পরবর্তী প্রজন্ম দ্রুতই বিভ্রান্ত হয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছে। আর রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধকে বিভিন্ন সময়ে নিজেদের স্বার্থে ব্যবহার করতে গিয়ে সেটাকে বিতর্কিত করে ফেলেছে। তাই মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার জন্য এখন মানুষ চাক্ষুষ সাক্ষীকেও আর সহজে বিশ্বাস করতে চায় না। কামরুল হাসান ভূঁইয়া হয়তোবা সেটা আগেই আঁচ করতে পেরেছিলেন। তাই মুক্তিযুদ্ধের জনযোদ্ধাদের নিয়ে কাজ শুরু করেছিলেন। তাঁর মৃত্যুতে সেটা একেবারে থেমে গেল। জানি না আর কেউ তাঁর কাজটাকে এগিয়ে নেবেন কিনা। কারণ এ ধরনের কাজে পরিশ্রমের পাশাপাশি আত্মনিবেদনশীলতা না থাকলে প্রকৃত ঘটনা তুলে ধরা মুশকিল। তবুও তিনি যেটুকু করে যেতে পেরেছেন, সেটাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করে যাবে অনাদিকাল পর্যন্ত।

স্যার, যেখানেই থাকুন ভালো থাকুন। মুক্তিযুদ্ধের হাজারো গণযোদ্ধার একজন হিসেবে স্যার বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে।
...

মো. ইয়াকুব আলী: সিডনি, অস্ট্রেলিয়া। ইমেইল: <[email protected]>