করোনা প্রতিরোধে বাংলাদেশকে সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া
করোনাভাইরাসের বাড়তি সংকট কাটিয়ে উঠতে বাংলাদেশকে আর্থিক সহায়তা প্রদান করার আশ্বাস দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রতিবেশী রাষ্ট্রগুলোর যৌথ উদ্যোগে বাংলাদেশসহ নেপাল, শ্রীলঙ্কাকে এই অনুদান দেওয়ার কথা রয়েছে। জরুরি সহায়তার এ প্রকল্পে প্রায় ১ কোটি ৭৫ লাখ অস্ট্রেলীয় ডলার অনুদানের কথা এসেছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে পররাষ্ট্র ও আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী মেরিস পেইন এ কথা জানান।
করোনাভাইরাস সংক্রমণ রোধে পরিস্থিতি অনুযায়ী জরুরি ত্রাণসহ অক্সিজেন, ভেন্টিলেটর, প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রদান করা হবে। তবে তহবিলের বেশির ভাগ প্রদান করে হবে সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের সহায়তার জন্য। একই সঙ্গে বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম পরিচালনায় অক্সিজেন ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের জন্য অতিরিক্ত আরও ৫০ লাখ ডলার প্রদান করবে। পাশাপাশি বাংলাদেশের অন্যান্য সামাজিক সহযোগী সংস্থা ব্র্যাক, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ও ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে স্বাস্থ্যব্যবস্থা উন্নয়নের প্রশিক্ষণের জন্য আরও ৫৭ লাখ ডলার প্রদান করার পরিকল্পনা রয়েছে অস্ট্রেলিয়ার।
অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী জেড সেসেলজা বলেন, ‘অস্ট্রেলিয়া সরকার তার বিশ্বস্ত বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে নিয়ে করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য কাজ করে যাচ্ছে। আমরা প্রতিনিধিদলের পাঠানোর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অক্সিজেন, ভেন্টিলেটর, পিপিই ও মেডিকেল সামগ্রী প্রদান করব।’