আবুধাবিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ভবনে রবীন্দ্রসন্ধ্যা

জন্মভূমিতে উড়ে যাচ্ছিলেন তিনি। তবে বন্ধুর আহ্বান উপেক্ষা করতে পারলেন না। পাখা গুটিয়ে নামতে হলো আবুধাবিতে। তিনি চঞ্চল খান। কণ্ঠে তাঁর মধু ঝরে। রবীন্দ্রসংগীত তাঁর প্রিয় অঙ্গন।
আবুধাবির প্রবেশ দ্বার গেইট সিটিতে রাষ্ট্রদূত ভবন। এখানে গত শনিবার রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান রবীন্দ্রসন্ধ্যার আয়োজন করেন। আমন্ত্রণ জানান সমাজের বিভিন্ন মহলের প্রতিনিধিকে। তারা আসেন। উপভোগ করেন একক শিল্পীর গান।
রবীন্দ্রনাথের দর্শন তাঁর লেখা। পূজা, প্রেম ও বিচিত্র ভাবের সংগীতে তিনি নিজেকে উপস্থাপন করেছেন ভিন্ন এক আদলে। এর মধ্য দিয়ে বিশ্বকবির দেশপ্রেম, মানবতা, ভক্তির মতো অভিধাগুলো প্রতিফলিত। তাঁর গানে মানবীয় অনুভূতিগুলো এত প্রবলভাবে গাঁথা যে, সংগীতপ্রেমীরা এর সঙ্গে যুক্ত না হয়ে পারেন না। শিল্পী গেয়ে ওঠেন চমক দিয়ে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি? কী এক অজানা আবেগে হৃদয় মন চালিত হয়! কোথাও বুঝি আফসোসও থেকে যায়। সুর গেঁথে দিয়েছ তুমি কিন্তু তোমার গান গাওয়া হয়নি। একজন মানুষ জীবনবোধ থেকেই ভেতরে-ভেতরে অনুশোচনায় জর্জরিত হন। শিল্পীর সুরের সঙ্গে মিশে যান শ্রোতা।

শিল্পী গানের ফাঁকে কিছু কিছু প্রেক্ষাপট তুলে ধরেছেন। কবিগুরু শাহজাদপুর থেকে জোড়াসাঁকোয় চলে যাচ্ছেন। ফিরে ফিরে দেখছেন কুঠিবাড়িটি। তিনি গাইলেন সেই মুহূর্তের কথামালায়। এখন সময় নেই। তবে নিভৃতে তাঁর নামটি যেন হৃদয় মন্দিরে স্থান পায়। মনে করে যেন তাঁর হাতের রাখিটি বেঁধে রাখেন সযত্নে। অনুরোধ করেছেন, ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি। কী চমৎকার করেই না তুলে আনলেন সময়টিকে।
প্রেম আছে গানে, আছে অনুরাগ। সেই থেকে তার অনন্য নির্বাচন। তুমি রবে হৃদয়ে মম। এ যেন শিল্পীরও ইচ্ছের প্রতিফলন। নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম। হে প্রিয় কিংবা হে ঈশ্বর, কোনটা বুঝবেন শ্রোতা! এ এক আলাবাদ। জাগিয়ে একাকী তব করুণ আঁখি। প্রার্থনা, তাও কল্পনা করা যায়। প্রিয় মানুষকে, প্রাণের দেশকে মনে করলে অত্যুক্তি হবে না। অসাধারণ প্রকাশ! তব অঞ্চল ছায়া রহিবে ঢাকি। চমৎকার প্রক্ষেপণ শিল্পীর। বিস্ময়ের এক উপাদান।

শিল্পী তিন দশক ধরে গান গেয়ে যাচ্ছেন। এর ওপর প্রতিনিয়ত গবেষণা তাঁর। এ নিয়ে আলোচনা আড্ডা চলে রবীন্দ্রসংগীত শিল্পীদের সঙ্গে। ছুটে যান বন্ধু ও প্রশিক্ষক সাদী মোহাম্মদের কাছে। এর আগের কথা। তিনি তখন অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন। সে বেলায় দেশে এলে চলে যেতেন কলকাতা। দেখা করতেন দেবব্রত বিশ্বাসের সঙ্গে। এখনো যান তবে অন্য কারও কাছে। পাঠদান, পাঠ গ্রহণের মধ্য দিয়ে চলেন তিনি। তার আনুষ্ঠানিক সংগীত পীঠ ছায়ানট।
পূজা পর্বে শিল্পী আঁকেন একজন অনুরাগীর জীবন চর্চা। আমি কান পেতে রই ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে। একপর্যায়ে ভক্ত খুঁজে পান তার ঠিকানা। সে গানে তারই বাণী উপভোগ করেন। অদৃশ্য শক্তি, সেকি ঈশ্বর না দেবতা, সে প্রশ্ন থেকেই যায়। সংগীত এগোতে থাকে।
প্রাণের মানুষ যে প্রাণেই আছে। পরের গানেই বুঝতে পারেন শ্রোতারা। তারা নিশ্চিত হন, যা দেখি তার মধ্যেই ঈশ্বর কিংবা মানুষ। সুর বাণীও বাজে আপন গানে। শিল্পী ধরিয়ে দেন সেই বার্তাটি তাঁর সুরে। আহরে, কত ঐশ্বর্যময় সেই মুহূর্তটি। গান শেষে হাত তালিতে মুখরিত হয় হল।

রবীন্দ্রসন্ধ্যা নিয়েই কথা। প্রকৌশলী ইজাজ কলিম বলেন, ভালো লাগা একটি সময় পার করছি। শওকত আকবর, মিষ্টি হাসি তার মুখে। বলেন, এমন শিল্পীকে কদাচিৎ পাই। সেলিম খান-আঞ্জুমান দম্পতি প্রকাশ করেন তৃপ্তির অনুভূতিটি। চমৎকার! ইমরাদ হোসেন তাঁরও প্রকাশ, অনন্য একটি আয়োজন। সানি মজুমদার তবলা বাজালেন। বলেন, বাজিয়ে শান্তি পেলাম। মৌসুমি বড়ুয়া বলেন, ভালো গায়কের গান থেকে বঞ্চিত হইনি, ছবি থেকে যেন বাদ না পড়ি। ক্লিক ক্লিক। ক্যামেরা জ্বলে ওঠে। ড. মেহরাজ জাহানকে বলি, অনুপম একটি মুহূর্ত। তিনি বললেন, এ আমাদের গৌরব। শিল্পীকে ধরেই তার এই বলা।
রবীন্দ্রনাথ বিশ্বজনীন। তবে এপার বাংলা তার বুকের গভীরে। এই তালগাছ, এই তই তই হাঁস তিনি কখনো ভুলতে পারেননি। শিল্পী বলেন, এ পাড়ায় এপার বাংলাকে তিনি এভাবেই বোঝেন, না এলে তিনি হয়তো উঁচুতলার কবি হয়েই থাকতেন। সেটা হয়নি। তাঁর কথা, সে কারণেই তিনি আমাদের কাছে এত প্রিয়।

শিল্পী গেয়ে শোনান কবিগুরুর কৌতুক নির্ভর কিছু গান। লেখাপড়া জানে না গানের গ-ও না। রবীন্দ্রনাথ তাদের মুখে তুলে দেন তাদেরই ভাষায় সেসব কথা। ও ভাই কানাই, কারে জানাই দুঃসহ মোর দুঃখ। তিন চারটে পাস করেছি নই নিতান্ত সুকখ। স্বর্নকুমারী দেবীর কন্যা কবিগুরুর ভাগনি হিরণ্ময়ী দেবীর বিয়েতে ওদের আক্ষেপ। অন্য একটি ক্ষেত্র। বিয়ের সবকিছু জোগাড়। বরকে পাওয়া যাচ্ছে না। আরও সংযোজন। বেতার সেতার দুটো তবলা ফাটাফুটো, সুর দলনীর করি এ নিয়ে যোজনা—আমরা কজনা। আসর মুখরিত তখন। শ্রোতারা পান ভিন্ন ধরনের স্বাদ।
শিল্পী পরিচয়ের মধ্যে তার একটি সাংগঠনিক গুণও যুক্ত রয়েছে। রবীন্দ্র সম্মিলন পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য তিনি। রবীন্দ্রসংগীত শিল্পীদের নিয়ে রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। এরও নির্বাহী কমিটির সদস্য এই শিল্পী। সৃজনী ধারার তিনি একজন শক্তিশালী কর্মী। তাইতো তাঁর ওপর পড়ে রবীন্দ্রনাথের ওপর প্রামাণ্যচিত্র তৈরি করার ভার। তিনি নির্মাণ করেন বাংলাদেশের রবীন্দ্রনাথ।
সরকার ও রাজনীতি বিভাগের ছাত্র তিনি। পড়াতেন ডেভেলপমেন্ট স্টাডিজ। পরবর্তীতে যুক্ত হন ইউএনডিপিতে। আন্ত সরকারের উচ্চ পর্যায়ের উন্নয়ন বিষয়ক একটি সভা শেষে তিনি নাইরোবি থেকে ঢাকা ফিরছিলেন। এর আগে তার বন্ধু যায়েদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাবিব উল হক খন্দকারের সঙ্গে যোগাযোগ। বন্ধুর অনুরোধে তিনি এলেন আবুধাবিতে। রাষ্ট্রদূত খবর পেয়ে স্বাগত জানালেন শিল্পীকে। সেইভাবে রবীন্দ্রসন্ধ্যা।
দুই ঘণ্টা ধরে গান গাইলেন চঞ্চল খান। শেষ গানের মধ্য দিয়ে তাঁকে মনে না রাখার আকুতি। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে...এখন আমায় নাইবা মনে রাখলে...। রাষ্ট্রদূত বললেন, সেটা হয় না, হতে দেওয়া যায় না। বঙ্গবন্ধু পরিষদের স্থানীয় শাখার সভাপতি ইফতেখার হোসেনও একই কথা বলেন। আবার আসতে হবে। শিল্পীও না বলতে পারলেন না। কেনই বা পারবেন, তিনিতো রবীন্দ্রসংগীত শিল্পী।
প্রীতিভোজে আহ্বান করলেন রাষ্ট্রদূত। নিজ হাতে আপ্যায়ন করলেন জাকিয়া হাসনাত ইমরান। সেই একই কথা। বাঙালির লক্ষ্মী মেয়ে। শত ব্যস্ততা তার। কিছুটা দেখার ফুরসত মেলে না। অন্নপূর্ণা রাঁধে বাড়ে উজাড় করে মন, দেখারও সুযোগ নেই কোথায় কোলের ধন।
রবীন্দ্রসংগীতের সুর এখনো বাজে। আলোকিত মঞ্চ। পাশে ডুবি তবলার ঝড় বইছে। শিল্পী গেয়েই চলছেন। এ চিত্রটি তখনো অতিথিদের সামনে ভাসে। রবীন্দ্রসংগীতের সুরে সুরে তারা রাষ্ট্রদূত ভবন থেকে বাইরে পা বাড়ান।