স্বপ্নের সেতু
আমাদের স্বপ্নেরা এখন হেঁটে যাবে এক আরাধ্য পথ দিয়ে,
দীর্ঘ অপেক্ষার পর পরিশ্রান্ত স্বপ্নেরা মুখ থুবড়ে পড়বে না আর—
দেখে নিয়ো তুমি পৃথিবী; এখন থেকে
পথের ক্লান্তি ভুলে স্বপ্নেরা ঠিক পৌঁছে যাবে গন্তব্যে!
এ তো সাধারণ পথ নয়, এ এক স্বপ্নের সেতু!
কোটি মানুষের আত্মশ্লাঘায় নির্মিত যার প্রতিটি গাঁথুনি;
অদম্য ইচ্ছাশক্তির ঘাম আর নির্ভীক আঁচড়ে এর নির্মাণ,
স্থাপনার প্রতিটি ভাঁজে মিশে আছে বাংলাদেশের অহম।
নতজানু সংশয়বাদীদের ভ্রুকুটি ও অনাস্থা মাড়িয়ে
বিজয়োল্লাস হোক ঘরে ঘরে,
আনন্দযজ্ঞে করা হোক তাদেরও শামিল;
বিশ্ব দেখুক বাংলার দুঃসাহস!
উন্মত্ত স্রোতস্বিনীর বুকে উদ্ধত স্বপ্নসেতু;
গন্তব্য যার ‘সোনার বাংলা’—
বিজয়ের মাসে প্রতিধ্বনিত করে সেই স্লোগান,
জয় বাংলা! জয় বাংলা!