উপাচার্যদের কর্মকাণ্ড ও দুর্নীতির নবসংস্কৃতি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভছবি: আনিস মাহমুদ

‘পুলিশের লাঠিচার্জে মুক্ত শাবি উপাচার্য, আহত কয়েক শিক্ষার্থী’, ‘উপাচার্যের ব্যর্থতায় ছোট ঘটনা বড় আকার ধারণ করেছে’, ‘শাবিপ্রবিতে শিক্ষার্থীদের ওপর নিষ্ঠুর বলপ্রয়োগ ও উপাচার্যের ষড়যন্ত্রতত্ত্ব’, ‘একটা চেয়ার যখন শিক্ষার্থীদের প্রাণের চাইতে দামি’, ‘শাবিপ্রবির সংকট: যে দূষিত চক্রে আটকে আছে বিশ্ববিদ্যালয়গুলো’, ‘শাহজালালের ভিসির মন্তব্য প্রত্যাহার চান জাহাঙ্গীরনগরের শিক্ষকেরা’, ‘খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগে ইউজিসির আপত্তি’, ‘খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ কার্যক্রমে নিষেধাজ্ঞা।’

এগুলো গত কয়েক দিনে দেশের প্রথম সারির কয়েকটি পত্রিকার খবর, মতামত বা কলামের শিরোনাম। এমন আরও অনেক শিরোনামযুক্ত খবর প্রকাশিত হয়েছে। শিরোনামগুলো পাঠকের কাছে যতই আকর্ষণীয় হোক না কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে এ খবরগুলো আমাদের আহত করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তথা উপাচার্যের সম্মতি ছাড়া ক্যাম্পাসে পুলিশ প্রবেশ করে না বা প্রবেশ করতে পারে না। তাই এটা খুব সহজে অনুমেয় যে শাবিপ্রবির উপাচার্যের অনুমতি নিয়েই পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে। শুধু তাই নয়, টিয়ার গ্যাস ও গুলি পর্যন্ত ছোড়া হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে এ আচরণ অবিশ্বাস্য রকম নিষ্ঠুরতা। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিওতে শাবিপ্রবির বর্তমান উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে যে মন্তব্য করেছেন তা শুধু অরুচিকরই নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন সব ছাত্রী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং হাজারো অভিভাবকের জন্য মানহানিকরও বটে। একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে এমন কুরুচিকর ও অশালীন মন্তব্য করার পর কেউ কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে থাকতে পারেন কি না আমার জানা নেই। এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির একটি ভদ্রগোছের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে যে মন্তব্য করেছেন, তা অত্যন্ত অবমাননাকর ও অসম্মানজনক। আমরা আশা করি, তিনি প্রকাশ্যে তাঁর ভুল স্বীকার করে অশোভন মন্তব্য প্রত্যাহার করবেন।’ পড়াশোনা এবং গবেষণার পাশাপাশি একজন শিক্ষকের অন্যতম গুণাবলি হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য সম্মানবোধ এবং তাদের জন্য ভালোবাসা।

শুধু ওপরে উল্লেখিত এ বিষয়গুলোই বা কেন, বিগত বছরগুলোতেও আমাদের দেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের দুর্নীতির যে চিত্র প্রকাশিত হয়েছে, তাতে শঙ্কিত না হয়ে উপায় নেই। ধরন এবং কৌশলে উপাচার্যদের এসব দুর্নীতি একটি ভিন্ন মাত্রা পেয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোকে দেখভাল করার দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনেকগুলো দুর্নীতির প্রমাণ পেয়েছে এবং এখনো অনেকগুলো তদন্তাধীন। উপাচার্যদের এ অনিয়ম বা দুর্নীতির জন্য অনেক প্রভাবক নিয়ামক হিসেবে কাজ করে থাকে, যেগুলো তদন্ত বা গবেষণার মাধ্যমে বের করা অসম্ভব নয়।

সাধারণভাবে চাটুকার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং দলীয় লোকদের প্রভাবে উপাচার্যরা অনিয়ম এবং দুর্নীতিতে জড়িয়ে পড়েন। অন্য অনেক কারণের পাশাপাশি অনেক সময় উপাচার্যরা নিজের স্বার্থ হাসিল করতে এবং ব্যক্তিগত আক্রোশেও অনিয়মে জড়িয়ে পড়েন। পত্রিকার পাতায় উপাচার্যদের অনিয়ম এবং দুর্নীতির যে ধরন প্রকাশিত হয়, তা অনেক সময় কল্পনাকেও হার মানায়। উপাচার্যদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম বা দুর্নীতির মধ্যে রয়েছে স্বজনপ্রীতি, নিয়োগে অনিয়ম, ভবন নির্মাণে দুর্নীতি, কেনাকাটায় আর্থিক দুর্নীতি, পূর্বানুমতি ছাড়া নতুন বিভাগ খোলা, অনুমোদন ছাড়াই বিজ্ঞপ্তির অতিরিক্ত জনবল নিয়োগ, এক খাতের টাকা অন্য খাতে ব্যয়, টেন্ডার ছাড়া কেনাকাটা, উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) টাকা লুটপাট ইত্যাদি। এগুলোর সঙ্গে দুর্নীতির কিছু নতুন মাত্রাও যুক্ত হয়েছে। নতুন মাত্রার এই দুর্নীতিগুলোর মধ্যে রয়েছে দুর্নীতিবাজ উপাচার্যদের চক্র তৈরি, যৌন নির্যাতন ও নারী কেলেঙ্কারি, আইনে সংশোধন ও শর্ত শিথিল করে নিয়োগ প্রক্রিয়া শেষ করে আগের জায়গায় আইন ফিরিয়ে নেওয়া, নিজের পরিবারের লোকেদের নিয়োগ প্রদান, স্বেচ্ছাচারিতা ও আইন এবং নর্মসের তোয়াক্কা না করে নিজের পছন্দের লোক দিয়ে সিন্ডিকেট ও বিভিন্ন কমিটি গঠন, নিজের পরিবারের লোক দিয়ে নিয়োগ বোর্ড গঠন, নিজের পছন্দের লোক দিয়ে তদন্ত কমিটি গঠন এবং সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশ থেকে অবৈধভাবে শিক্ষক-কর্মকর্তাদের কারণ দর্শানো, বহিষ্কার ও অপসারণ এবং মেয়াদের একেবারে শেষ সময়ে আইনের তোয়াক্কা না করে ঢালাও নিয়োগ প্রদান।

দুর্নীতিবাজ উপাচার্যদের চক্র

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, দুর্নীতিবাজ উপাচার্যদের একটি চক্র তৈরি হয়েছে, যেখানে একজন অন্যজনকে দুর্নীতি ও অনিয়মে সহযোগিতা করেন। এ চক্রের উপাচার্যরা একজন আরেকজনের বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য। ফলে তাঁরা স্বাভাবিকভাবেই পরস্পরের অনিয়মের সহযোগী। পত্রিকা মারফত জানা যায়, এমনই একজন উপাচার্য অন্য আরেকটি বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের পূর্ণকালীন পরামর্শক ছিলেন। একজন উপাচার্য একটি বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন চাকরি করে অন্য একটি বিশ্ববিদ্যালয়ে পরামর্শক হতে পারেন কী করে? দুর্নীতির তালিকায় সবচেয়ে আলোচিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন উপাচার্য দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রিজেন্ট বোর্ড (সিন্ডিকেটের সমতুল্য) এর সদস্য ছিলেন। এরূপ উদাহরণ আরও আছে। দুর্নীতিবাজ উপাচার্যদের এ চক্র নজিরবিহীন উদাহরণ এবং একই সঙ্গে তা ভীষণ উদ্বেগের বিষয়।

যৌন নির্যাতন ও নারী কেলেঙ্কারি

নজিরবিহীনভাবে কয়েকজন উপাচার্যের বিরুদ্ধে যৌন নির্যাতন ও নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক এক উপাচার্যের বিরুদ্ধে এমএলএসএস হিসেবে মাস্টার রোলভিত্তিক নিয়োগপ্রাপ্ত এক নারী কর্মচারী নির্যাতনের অভিযোগ আনেন। ওই নারী কর্মচারী বলেন, বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত উপাচার্য চাকরি দেওয়ার কথা বলে তাঁকে বিভিন্ন সময় যৌন নির্যাতন করেন। দেশের বিভিন্ন গণমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একজন নারী অফিস সহকারীর সঙ্গে উপাচার্যের অনৈতিক সম্পর্কের এ খবর বেশ ফলাও করে প্রকাশ করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক উপাচার্যের নির্মাণ দুর্নীতি, বিধিবহির্ভূতভাবে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ, স্বজনপ্রীতিসহ নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে প্রকাশিত হয় যৌন নিপীড়নের খবর। খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ওই উপাচার্যের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়েরর সাবেক এক ছাত্রী। বিষয়টি প্রকাশ্যে আসার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ওই ছাত্রী (বর্তমানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক) বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে চাকরির জন্য তিনি যখন ভাইভা দিয়েছিলেন, তখন নিয়োগ বোর্ডে উপাচার্য তাঁকে যৌন হয়রানি করেছিলেন। ওই নিয়োগ বোর্ড থেকে বের হয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এ বিষয়ে ওই বোর্ডের একজন সদস্য খুলনা বিশ্ববিদ্যালয়েরর কলা ও মানবিক অনুষদের তৎকালীন ডিন বলেন, ‘ওই শিক্ষার্থীকে বোর্ডে যেভাবে হেনস্তা করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। আমি বোর্ডে এই ঘটনার তীব্র প্রতিবাদ করি এবং তর্কবিতর্কের একটা পর্যায়ে বোর্ড বাতিল হয়ে যায়।’ উপাচার্যদের বিরুদ্ধে এ–জাতীয় অভিযোগের ঘটনা অত্যন্ত দুঃখজনক।

স্বেচ্ছাচারিতা এবং আইন ও নর্মসের তোয়াক্কা না করে পছন্দের লোক দিয়ে সিন্ডিকেট গঠন

উপাচার্যরা বিশ্ববিদ্যালয়গুলোতে আজ্ঞাবহ প্রশাসন সাজানোর জন্য কিছু শিক্ষকদের অতিরিক্ত সুবিধা দিয়ে নিজস্ব বলয় সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন কমিটিতে নিয়োগ দেন। উপাচার্যরা নিজেদের বিশ্ববিদ্যালয়ের একচ্ছত্র সম্রাট ভেবে একনায়কতান্ত্রিক কর্মকাণ্ড নির্বিঘ্নে পরিচালনা করতে সুবিধাভোগী ও চাটুকার শিক্ষকদের নিয়ে বিভিন্ন কমিটি বানান। এসব কমিটির সদস্য উপাচার্যদের কথা ও আদেশকে ধ্যানজ্ঞান মনে করেন। বিনিময়ে উপাচার্য তাঁদের বিভিন্ন লোভনীয় পদে নিয়োগ দেন। সিন্ডিকেটগুলোতে বিশ্ববিদ্যালয়ের বাইরের পছন্দের লোকদের নিয়োগের মাধ্যমে এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে কাছের বলে পরিচিত বা অবনত শ্রেণির শিক্ষকদের সিন্ডিকেটে নিয়ে সিন্ডিকেটকে প্রভাববলয়ে নেওয়ার ষোলো কলা পূর্ণ করা হয় এবং সিন্ডিকেটকে রাবার স্ট্যাম্প প্রতিষ্ঠানে পরিণত করা হয়। উপাচার্য যা বলেন বা করেন, সিন্ডিকেট তা সর্বসম্মতভাবে পাস করে। সিন্ডিকেটে নিয়মবহির্ভূতভাবে বিভিন্ন অজুহাতে বিভিন্ন প্রক্রিয়ায় শত শত নিয়োগের যৌক্তিকতা নিয়ে কোনো প্রশ্ন তোলা হয় না বা প্রশ্ন তোলা যায় না। অবনত আর চাটুকার ধরনের শিক্ষকেরা দিনের পর দিন বিশ্ববিদ্যালয়ের পবিত্র অঙ্গনকে কলুষিত করেন আর উপাচার্যদের সব অনৈতিক এবং অবৈধ কর্মকাণ্ড বাস্তবায়নে সহায়তা করেন। ফলে তাঁরা কাজের পুরস্কার হিসেবে পান আত্মীয়স্বজনের জন্য বিশ্ববিদ্যালয়ের চাকরি আর নিজেরা পান একাধিক পদ।

নিজের পরিবারের এবং পছন্দের লোকদের দিয়ে নিয়োগ বোর্ড গঠন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক সাবেক উপাচার্য ইউজিসির নির্দেশনা অমান্য করে শিক্ষক ও জনবল নিয়োগে দুর্নীতি ও অনিয়ম করেছেন। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা এবং অন্য বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষককে নিয়ে এই উপাচার্য সংঘবদ্ধ দুর্নীতির চক্র তৈরি করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এবং উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগে শিক্ষক নিয়োগ বোর্ডে ছিলেন উপাচার্য ও তাঁর মা। এ দুজন মিলে শিক্ষক নিয়োগ দিয়েছিলেন। উপাচার্য নিজেই সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এবং একই সঙ্গে তিনি ওই অনুষদের ডিন ছিলেন। উপাচার্য হিসেবে তিনি নিয়োগ বোর্ডের সভাপতি, অনুষদের ডিন হিসেবেও তিনি নিয়োগ বোর্ডের সদস্য আর বিভাগীয় প্রধান হিসেবে তিনিই সদস্য ছিলেন। অপরদিকে তাঁর মা ‘বিষয় বিশেষজ্ঞ’ সদস্য ছিলেন। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের ইতিহাসে এটি এক বিরল ঘটনা।

পছন্দের লোকদের দিয়ে নিয়োগ বোর্ড গঠন করে নিজের পরিবারের লোকজনকে নিয়োগ

নিয়োগ নীতিমালা উদ্দেশ্যমূলকভাবে পরিবর্তন করে যোগ্যতা কমানোর অভিযোগ ওঠে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও তাঁর নেতৃত্বাধীন প্রশাসনের বিরুদ্ধে। এ প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অপেক্ষাকৃত কম যোগ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ওই উপাচার্যের কন্যা ও জামাতা নিয়োগ পেয়েছিলেন, যা ইউজিসির তদন্তে প্রমাণিত হয়েছে। অস্বচ্ছ প্রক্রিয়ায় পরিবারের সদস্যদের নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে নবীন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়োগের খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রিকায়। তিনি নিজের ছেলেকে অ্যাডহক ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শাখা কর্মকর্তা বা সেকশন অফিসার হিসেবে নিয়োগ দিয়েছেন।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশন চলছে আন্দোলনকারী শিক্ষার্থীদের। অনশন চলাকালে গতকাল শনিবার, বেলা সাড়ে তিনটার দিকে কাফনের কাপড় পরে ক্যাম্পাসে মৌন মিছিল বের করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মৌন মিছিল শেষে গোলচত্বর এলাকায় প্রতীকী লাশের খাটিয়া রেখে বসেন শিক্ষার্থীরা। এ সময় অনশনরত সতীর্থদের শারীরিক অবনতি হলে কাফনের কাপড় পরিধান করা এক আন্দোলনকারী শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়েন। সিলেট, ২২ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ

মেয়েকে নিয়োগ দিয়েছেন শিক্ষক হিসেবে। অধ্যাপক পদে তাঁর স্ত্রীও এ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেতে আবেদন করেছিলেন। তবে এ নিয়োগের প্রক্রিয়া স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। পত্রিকা মারফত জানা যায়, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ সংশ্লিষ্ট অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন উপাচার্য নিজেই। তাঁর মেয়েকে নিয়োগের প্রক্রিয়ায় যে দুজন শিক্ষককে বাছাই কমিটিতে আমন্ত্রিত সদস্য হিসেবে রাখা হয়, তাঁদের একজন উপাচার্যের ঘনিষ্ঠ। অন্যজন উপাচার্যের মেয়ের স্নাতকোত্তরে সুপারভাইজার ছিলেন। উপাচার্যের মেয়ের নিয়োগের পথ পরিষ্কার করতেই এই দুই শিক্ষককে বাছাই কমিটিতে রাখা হয়।

ব্যক্তিগত আক্রোশে পছন্দের লোক দিয়ে কমিটি গঠন করে হয়রানি ও অপসারণ
দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে কথা বলায় শিক্ষক-কর্মকর্তাদের দমন করতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক উপাচার্য কোনো তদন্ত ছাড়াই সিন্ডিকেটে সিদ্ধান্ত নিয়ে তাদের শোকজ নোটিশ দিয়েছিলেন এবং সতর্ক করেছিলেন। আইন লঙ্ঘন করে ১৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করেছিলেন ওই উপাচার্য। ভুক্তভোগীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ন্যায়বিচার না পেয়ে আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশনাও অমান্য করেছিলেন তিনি। সাধারণত বিরাগভাজনদের বিরুদ্ধে অসদাচরণ, শৃঙ্খলাভঙ্গ ও নৈতিক স্খলনের মতো অভিযোগ উত্থাপন করা হয়। কমিটি গঠন করা হয় নিজ গ্রুপের শিক্ষকদের দিয়ে। যাঁর বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করা হয় কমিটি গঠনে তাঁর প্রতিপক্ষের লোকজনই প্রাধান্য পায়। এমন কথাও শোনা যায় যে ‘রিপোর্ট আবার কী। উপাচার্য যা বলেন তাই হবে।’ আর এরূপ পরিস্থিতিতে সাক্ষীগোপালের অভাব হয় না । নির্বিঘ্নে তখন হেনস্তা করা শুরু হয়। এ পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের প্রতিবাদ তো দূরের কথা, মুখে কোনো রকম শব্দ করার মতো শিক্ষক পাওয়াও দুরূহ। গত বছরের পত্রিকাগুলোর সবচেয়ে আলোচিত ঘটনা খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কর্তৃক ব্যক্তিগত আক্রোশে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে বরখাস্ত ও দুই শিক্ষককে অপসারণ যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। কেবল শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিকে সমর্থন করার কারণে একজন শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত এবং দুজন শিক্ষককে অপসারণ করার সিদ্ধান্ত নেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ওই উপাচার্য। পত্রিকায় প্রকাশিত খবরে জানা যায়, নিজের সব অনিয়ম-দুর্নীতি চাপা দিতে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তিন শিক্ষকের শাস্তি নিশ্চিত করতে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তড়িঘড়ি করে এক মাসের মধ্যে দুটো স্পেশাল সিন্ডিকেট ডেকেছিলেন। এমনকি তিনি এ উদ্দেশ্যে সিন্ডিকেট সদস্যও পরিবর্তন করেছিলেন সিন্ডিকেট গঠনের নিয়ম ও নর্মসের কোনো রকম তোয়াক্কা না করে।

কয়েকজন সিন্ডিকেট সদস্য এ বহিষ্কারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন বা পুনর্বিবেচনার অনুরোধ করার পরও তিনজন শিক্ষককে শাস্তি প্রদান করা হয় যা গোটা শিক্ষক সমাজের জন্য অশনিসংকেত বলে মনে করেন অনেকে ।

উপাচার্যের পদত্যাগ দাবিতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি
ছবি : প্রথম আলো

মেয়াদের শেষ সময়ে আইনের তোয়াক্কা না করে ঢালাও নিয়োগ

আশ্চর্যজনকভাবে লক্ষণীয় যে উপাচার্যগণ তাঁদের মেয়াদের শেষ সময়ে এসে আইনের তোয়াক্কা না করে অবৈধ উপায়ে ঢালাওভাবে নিয়োগ দিতে উদ্যোগী হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এক উপাচার্যের শেষ কর্মদিবসে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে বিভিন্ন পদে অবৈধ ও বিধিবহির্ভূতভাবে জনবল নিয়োগ দিয়েছেন। বিষয়টি বেশ আলোড়ন তুলেছিল সর্বমহলে। মন্ত্রণালয় বলছে, এ অবৈধ জনবল নিয়োগের বৈধতার সুযোগ নেই। এ জন্য এ অবৈধ নিয়োগ ও অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। এ ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক উপাচার্যের দ্বিতীয় মেয়াদের শেষ সময়ে নিয়োগের প্রক্রিয়ায় বিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতে তৎপরতা চালিয়েছিলেন তিনি। এমনকি নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত নিয়েও প্রশ্ন উঠেছিল। পত্রিকার মারফত জানা যায়, শেষ সময়ে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও পছন্দের লোকেদের সুপারিশে এবং নিজের লোকদের নিয়োগ দিতে এ উদ্যোগ নিয়েছিলেন তিনি। আরও জানা যায়, পদায়নেও বিশেষ সুবিধা দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং বয়স ও শিক্ষাগত যোগ্যতাও শিথিল করা হয়েছিল। এ জন্য কয়েক দফা চাকরি নীতিমালা সংশোধনও করা হয়। এসব কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।

বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের প্রধানেরা যদি দুর্নীতি আর অনিয়মে জড়িয়ে পড়েন, তবে এদেশের উচ্চশিক্ষাব্যবস্থায় পচন অনিবার্য। এসব দুতি আর অনিয়মের পেছনে চাটুকার শিক্ষক, কর্মকর্তা আর অন্ধ দলীয় লোকদের প্রভাব থাকে বেশি। দুর্নীতিতে জড়িয়ে পড়া উপাচার্যদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব সুচারুভাবে পালন করা কঠিন বলে বিশ্ববিদ্যালয়–সংশ্লিষ্ট অনেকেরই বিশ্বাস। রাজনৈতিক এবং অন্যান্য চাপ এড়িয়ে উপাচার্যকে দক্ষ কূটনীতিকের মতো সরকারের ওপরমহলের সঙ্গে সুম্পর্ক বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে। মৌমাছির মতো ঘিরে থাকা চাটুকারদের বলয় থেকে উপাচার্যদের বেরিয়ে আসতে হবে। তা না হলে পত্রিকার পাতায় নিয়মিতভাবে উপাচার্যদের নিত্যনতুন অনিয়ম আর দুর্নীতির খবর প্রকাশিত হতে থাকবে। উপাচার্যরা অনিয়মের ব্যাধি থেকে বেরিয়ে আসতে না পারলে বিশ্ববিদ্যালয়গুলোতে এর প্রভাব পড়বে। ভেঙে পড়বে উচ্চশিক্ষাব্যবস্থা। আর এর ফল ভোগ করতে হবে পুরো জাতিকে।

*লেখক: অধ্যাপক আবু শামীম মোহাম্মদ আরিফ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়।