ওরহান গাজী: ওসমানীয় সাম্রাজ্যের মহাদিগন্ত সূচনায় ঐতিহাসিক নাম—ষষ্ঠ পর্ব

ছবি: লেখক

পঞ্চম পর্বে উল্লিখিত হয়েছিল, ওরহানের কাছে কারেসি বেইলিকের পতন হওয়ার ইতিহাস। কারেসি বেইলিকের পতনের পর ওসমানীয় সাম্রাজ্যের উত্থান দেখে রোমান সাম্রাজ্যের পাশাপাশি শক্তিশালী প্রতিবেশী জার্মিয়ান রাষ্ট্র দুশ্চিন্তায় পড়ে যায়। আয়দিন, মেনতেশে এবং জান্দার রাষ্ট্রও ওসমানীয়দের সঙ্গে ব্যবসায় শিথিলতা দেখাতে থাকে। তবে এর আগে থেকেই তৎকালীন রোমান সম্রাট ষষ্ঠ জন কান্তাকুজেনাস ওরহান গাজীর শক্তিশালী সাম্রাজ্যের উত্থান দেখে তার সঙ্গে চুক্তি করতে চেয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে তিনি ১৩৪৫ সালে ওরহানের সঙ্গে চুক্তির প্রস্তাব দেন এবং ওরহান তা গ্রহণ করেন।

উক্ত চুক্তি অনুযায়ী, নিজের রাজকন্যা থিওডোরাকে বিয়ে করার প্রস্তাব দেওয়া হয় ওরহানের কাছে। ফলে ১৩৪৬ সালে উস্কুদুরে গিয়ে ওরহান রোমান রাজকন্যা থিওডোরাকে বিয়ে করেন। পাশাপাশি রোমান সাম্রাজ্যে চলমান গৃহযুদ্ধে সম্রাট কান্তাকুজেনাসকে সহায়তা করতে ৬ হাজার ওসমানীয় সৈন্যকে প্রেরণ করা হয়। মূলত, রোমান সম্রাট কান্তাকুজেনাসের বিরুদ্ধে আরেক সম্রাট জন পঞ্চম পালাইগোস গৃহযুদ্ধ করছিল। গৃহযুদ্ধের প্রথমে সার্বিয়ান সাম্রাজ্য কান্তাকুজেনাসের পক্ষে থাকলেও পরবর্তী সময়ে পালাইগোসের পক্ষ নেয় তারা। পাশাপাশি বুলগেরিয়ান সাম্রাজ্যও পালাইগোসের পক্ষে থাকায় কান্তাকুজেনাস খুব দুর্বল হয়ে পড়ে। তাই শক্তিশালী ওরহানের হস্তক্ষেপ কামনা করছিল কান্তাকুজেনাস। সে জন্যই এ চুক্তি হয়েছিল। পরবর্তী সময়ে ওসমানীয় সৈন্যদের সহায়তায় কান্তাকুজেনাস নিজের বাহিনী নিয়ে সার্বিয়ান ও বুলগেরিয়ান সৈন্যদের পরাজিত করে কন্সটান্টিনোপোলের দিকে অগ্রসর হতে থাকেন। ১৩৪৭ সালে কান্তাকুজেনাসের বাহিনী বিদ্রোহী সম্রাট পালাইগোসের সৈন্যদের চূড়ান্তভাবে পরাজিত করলে, তিনি কনস্টান্টিনোপোলে প্রবেশ করেন এবং রোমান সাম্রাজ্যের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে সিংহাসনে বসেন। ৬ হাজার ওসমানীয় সৈন্য বীরত্বের সঙ্গে তাঁকে সহায়তা করায় তিনি ওরহান গাজীকে ধন্যবাদ জানান। ফলে রোমান সাম্রাজ্যের বণিকদের জন্য কম খাজনায় ব্যবসার দুয়ার খুলে দেওয়া হয় ওসমানীয় সাম্রাজ্যের শহরগুলোতে। ধীরে ধীরে দুই সাম্রাজ্যের ব্যবসায়িক সুসম্পর্ক বাড়তে থাকে। কয়েক বছর এমনভাবেই অতিবাহিত হয়েছিল।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

তৎকালীন সময়ে রোমান ও ওসমানীয় উভয় সাম্রাজ্যের উপকূলবর্তী অঞ্চলের নৌপথে জেনোয়া এবং ভেনিসের জাহাজগুলোর সংঘাত চলছিল। বিশেষ করে ভেনিসের জাহাজগুলো ও জলদস্যুরা ওসমানীয় উপকূলবর্তী অঞ্চলে বেশ কয়েকবার হামলা-লুণ্ঠন করায় ওরহান খুবই ক্ষুব্ধ হয়ে পড়েন। তিনি গালাতায় থাকা জেনোয়াবাসীর পক্ষ নেন এবং একটি বাহিনী প্রেরণ করেন। এ বাহিনী গালাতায় গিয়ে জেনোয়াবাসীর সহায়তা করেছিল এবং উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করেছিল। ফলে ভেনিসের জলদস্যুদের হামলা হ্রাস পেতে থাকে। এভাবেই ওসমানীয় বাহিনী আনুষ্ঠানিকভাবে ইউরোপে আগমন সূচনা করে।

ছবি: লেখক

১৩৫২ সালে আবারও গৃহযুদ্ধের দামামা বেজে ওঠে রোমান সাম্রাজ্যে। সম্রাট কান্তাকুজেনাসকে হটাতে আবারও বিদ্রোহ করে বসে পালাইগোস। ওরহান তখন কান্তাকুজেনাসকে সমর্থন করতে নিজের পুত্র সুলেইমান পাশার নেতৃত্বে ১০ হাজার ওসমানীয় সৈন্য প্রেরণ করেন। সুলেইমান পাশা রোমান শহর থ্রাসে প্রবেশের মাধ্যমে ওসমানীয় সাম্রাজ্যের জন্য ইউরোপীয় ভূমির দরজা খুলে যায়। সুলেইমান পাশা ও তাঁর বাহিনী রোমান সৈন্যদের পরাজিত করে থ্রাসের অধিকাংশ এলাকা দখল করে নেন। মূলত থ্রাস অঞ্চল বিদ্রোহী পালাইগোসের বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। কান্তাকুজেনাসের সমর্থন থাকায় সুলেইমান পাশা থ্রাসে ওসমানীয় সৈন্য শিবির স্থাপন করেন। কয়েক দিনের মধ্যে বিদ্রোহী পালাইগোসের সমর্থনে ৪ হাজার সার্বিয়ান-বুলগেরিয়ান সম্মিলিত সৈন্য থ্রাসের দিকে অগ্রসর হলে সুলেইমান পাশার নেতৃত্বে ওসমানীয় বাহিনী তাদেরকে বেশ বাজেভাবে পরাজিত করে। সার্বিয়ান-বুলগেরিয়ান বাহিনীর অধিকাংশ সৈন্যের মৃত্যু হয় এ সংঘাতে।

পরবর্তী সময়ে ১৩৫৪ সালে রোমান শহর গ্যালিপলিতে ভূমিকম্প হয়ে শহরটির অধিকাংশ এলাকা বিধ্বস্ত হয়ে পড়ে। ধ্বংসস্তূপের কারণে অনেক মানুষের মৃত্যু হয় এবং যারা বেঁচে ছিল, তারা সবাই এ শহর ত্যাগ করে। জনমানবহীন ধ্বংসস্তূপ গ্যালিপলির শহর এক পরিত্যক্ত ভূমিতে পরিণত হওয়া শুরু করেছিল। ওরহানের ছেলে সুলেইমান পাশা এ সুযোগ কাজে লাগিয়ে ওসমানী বাহিনী নিয়ে এ শহরে প্রবেশ করেন। শহরের পাহারায় থাকা রোমান সৈন্যরা তেমন প্রতিরোধ করতে না পারায় ওসমানীয় সৈন্যদের নিয়ন্ত্রণে চলে আসে গ্যালিপলির শহর। পরবর্তী সময়ে সুলেইমান পাশা এ শহরে ওসমানীয় সাম্রাজ্য থেকে কয়েক হাজার জনগণ নিয়ে আসেন এবং তাদেরকে এখানে বসতি স্থাপন করতে নির্দেশ দেন। ধ্বংসস্তূপ থেকে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয় গ্যালিপলির। ধীরে ধীরে মানুষের আনাগোনায় গ্যালিপলির শহর প্রাণ ফিরে পেতে শুরু করে।

আরও পড়ুন

১৩৫৬ সালে গ্যালিপলির শহর ওসমানীয় সৈন্যরা দখল করে, আনাতোলিয়া থেকে কয়েক হাজার তুর্কি জনগণ এনে জনবসতি শুরু করায় রোমান সম্রাট কান্তাকুজেনাস চিন্তিত হয়ে পড়ে। তিনি সুলেইমান পাশাকে মোটা অঙ্কের স্বর্ণমুদ্রা প্রস্তাব করেন গ্যালিপলির শহর রোমান সাম্রাজ্যের কাছে পুনরায় ছেড়ে দিতে। তবে সুলেইমান পাশা তা গ্রহণ করেননি। পরবর্তী সময়ে কান্তাকুজেনাস দূতের মাধ্যমে ওরহানকে চিঠি প্রেরণ করেন গ্যালিপলির হস্তান্তর করতে। ওরহান গাজী সেই চিঠির উত্তর এমনভাবে দিয়েছিলেন যে ‘মহান আল্লাহ তাকে গ্যালিপলির শহর দিয়েছেন।’ এভাবেই তিনি কান্তাকুজেনাসের প্রস্তাব নাকচ করে দেন। ফলে থ্রাসের পর গ্যালিপলির শহরও ওসমানীয়দের নিয়ন্ত্রণ আসায় ইউরোপীয় ভূমিতে ওসমানীয়দের শাসনের সূচনা ঘটে।

চলবে...

আরও পড়ুন