ডুপার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত, মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার পরামর্শ
ঢাকা বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপা) উপদেষ্টা পর্ষদ ও ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১৫ নভেম্বর, ২০২৬) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ সভায় ডুপার সাংগঠনিক কার্যক্রম, কৌশলগত পরিকল্পনা, মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ এবং অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।
ডুপার প্রেসিডেন্ট ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব ও সরকারের অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীর। সভায় বক্তব্য দেন অধ্যাপক আহমেদ শফিকুল হক, অধ্যাপক হাবিব জাফরুল্লাহ, অধ্যাপক মোবাশ্বের মোনেম, ফজলুল করিম আবিদ, মো. আবুল কালাম, শেখ রাফেজ আহমেদ, অধ্যাপক ফেরদৌস আরফিনা ওসমান (সদস্য, পাবলিক সার্ভিস কমিশন), এ কে এম আফতাব হোসেন প্রামাণিক (সদস্য, পাবলিক সার্ভিস কমিশন), কবিরুল ইজদানী খান, নাজনীন খালেক সুপ্তি, রিজওয়ান খায়ের, নাঈম আহমেদ ও মো. আবু তাহের প্রমুখ।
সভায় ডুপার সহসভাপতি ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান (সচিব) মো. বাবুল মিঞা, সাবেক রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী, ফরহাদ জেসমিন লিটি এবং যুগ্মমহাসচিব রিয়াসাত আল ওয়াসিফসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় ডুপার কৌশলগত পরিকল্পনা নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন যুগ্মমহাসচিব এ কে এম সাইফুল্লাহ।
নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
সভায় অধ্যাপক হাবিব জাফরুল্লাহ ডুপার মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সমাজ ও দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। অ্যালামনাইদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমাজ ও দেশের জন্য ইতিবাচক অবদান রাখতে হবে। এ সময় তিনি ডুপাকে একটি পেশাদার সংগঠন হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।
অধ্যাপক আহমেদ শফিকুল হক ডুপার কৌশলগত পরিকল্পনাকে বাস্তবতার সঙ্গে সমন্বয় করে কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। তিনি পরিকল্পনা প্রণয়নের পাশাপাশি বাস্তবায়নযোগ্য উদ্যোগ গ্রহণ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পরামর্শ দেন।
পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, লোকপ্রশাসন বিভাগ ও শিক্ষকদের কাছে অ্যালামনাইরা সবাই ঋণী। এ কারণে বিভাগের সাবেক শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করা প্রয়োজন। তিনি অ্যালামনাইদের সফট স্কিল উন্নয়নের পাশাপাশি ডুপার উদ্যোগে মেন্টর ও মেন্টির মধ্যে কার্যকর সম্পর্ক গড়ে তোলা এবং প্রয়োজন নিরূপণ করে (নিড অ্যাসেসমেন্ট) বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন। তিনি আরও বলেন, পরিবর্তিত সময় ও কর্মপরিবেশের সঙ্গে নিজেদের দক্ষতা ও সক্ষমতা বাড়িয়ে তুলতে হবে। এ ক্ষেত্রে ডুপার উদ্যোগে কমিউনিকেশন ক্লাব অথবা ল্যাঙ্গুয়েজ ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে অ্যালামনাইদের যোগাযোগদক্ষতা ও ভাষাগত সক্ষমতা উন্নয়নের সুযোগ সৃষ্টি করা যেতে পারে।
ডুপার মহাসচিব এ এস এম হুমায়ুন কবীর ডুপার সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত, কার্যকর ও পেশাদার পর্যায়ে উন্নীত করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি বিভাগ ও অ্যালামনাইদের মধ্যে যোগাযোগ, সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।
সমাপনী বক্তব্যে ডুপার প্রেসিডেন্ট জালাল আহমেদ অ্যালামনাই ও শিক্ষার্থীদের কল্যাণ এবং স্থায়ী অফিস ক্রয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উপদেষ্টা পর্ষদের পরামর্শের আলোকে ডুপার ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবমুখী, অন্তর্ভুক্তিমূলক ও কল্যাণমুখী করার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন।