নদীপারের জনপদ থেকে আধুনিক মহানগরীর পথচলা

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ভবনপ্রথম আলো ফাইল ছবি

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাণকেন্দ্র এবং রূপসা ও ভৈরব নদের তীরে অবস্থিত খুলনা শহরের নগরায়ণের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ ও গৌরবময়। আজকের আধুনিক ‘খুলনা সিটি করপোরেশন’ এক দিনে গড়ে ওঠেনি, এর পেছনে রয়েছে এক শতাব্দীরও বেশি সময়ের ‘খুলনা পৌরসভা’র প্রশাসনিক বিবর্তন ও নাগরিক সেবা প্রদানের দীর্ঘ ইতিহাস।

সালটি ১৯৮৪ ইংরেজ শাসনামলে ভৌগোলিক ও বাণিজ্যিক গুরুত্বের কারণে খুলনা দ্রুত প্রশাসনিক কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। ১৮৪২ সালে যশোর জেলার অধীন বাংলায় প্রথম মহকুমা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী প্রশাসক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ৪০ বছর পর ১৮৮২ সালের ২৫ এপ্রিল স্বতন্ত্র জেলার মর্যাদা লাভ করে। জেলা গঠনের মাত্র দুই বছর পরই শহরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। ১৮৮৪ সালের ৮ সেপ্টেম্বর তৎকালীন ব্রিটিশ সরকারের ‘কলকাতা গেজেট’ বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বপ্রথম খুলনাকে ‘মিউনিসিপ্যাল বোর্ড’ বা পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়। তৎকালীন পৌরসভায় ১০ জন নির্বাচিত সদস্য, ৪ জন উপ-আধিকারিক এবং ১ জন মনোনীত সদস্যসহ মোট ১৫ সদস্যের একটি বোর্ড গঠিত হয়েছিল। ১৮৮৪ সালের ১৩ ডিসেম্বর নগর পঞ্চায়েত নিযুক্ত কমিশনারদের সভায় হরকলী মুখোপাধ্যায়ের প্রস্তাবে এবং খর্গেশ্বর বসুর সমর্থনে রেভারেন্ড গগন চন্দ্র দত্ত খুলনা পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। নবগঠিত পৌরসভার রাস্তাঘাট, পানীয় জল ও প্রাথমিক অবকাঠামো পরিকল্পনায় তাঁর উল্লেখযোগ্য অবদান ছিল। তাঁর নামানুসারে পরবর্তী সময়ে তাঁর নামানুসারেই পরবর্তী সময়ে শহরের ঐতিহাসিক ‘গগন বাবু রোড’-এর নামকরণ করা হয়। সে সময় ভাইস চেয়ারম্যান বাবু কৈলাশচন্দ্র কাঞ্জিলালের ‘সত্যচরণ হাউস’-এ অস্থায়ীভাবে পৌরসভার দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছিল। যাত্রা শুরুর সময় খুলনা পৌরসভার আয়তন ছিল খুবই সীমিত মাত্র ৪ দশমিক ৬৪ বর্গমাইল। কেবল টুটপাড়া শেখপাড়া, চারাবাটি, হেলাতলা এবং কয়লাঘাটা এলাকা নিয়ে এই পৌর এলাকা গঠিত ছিল পরবর্তী সময়ে ভৈরব নদ ও রূপসা নদীর ঘাট, রেলস্টেশন এবং নদীপথ কেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য প্রসারের সঙ্গে সঙ্গে শহরে পাকা সড়ক, সড়কবাতি ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা গড়ে ওঠে এবং পৌরসভার পরিধি ধীরে ধীরে বাড়তে থাকে। ১৯৪৭ সালের দেশভাগের পর খুলনার অর্থনৈতিক ও ভৌগোলিক গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পায়। ১৯৫০ ও ৬০-এর দশকে খুলনা শিপইয়ার্ড, নিউজপ্রিন্ট মিলস, হার্ডবোর্ড মিলস এবং একাধিক বৃহৎ পাটকল গড়ে ওঠায় খুলনা দেশের অন্যতম প্রধান শিল্পনগরীতে পরিণত হয়।

কর্মসংস্থানের খোঁজে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসতে শুরু করলে শহরের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সামলাতে এবং নাগরিক সেবা বিস্তৃত করতে ১৯৬০-এর দশকে ‘মিউনিসিপ্যাল আ্যাডমিনিস্ট্রেশন অর্ডিন্যান্স’-এর অধীন ‘খুলনা মিউনিসিপ্যাল বোর্ড’-এর নাম পরিবর্তন করে ‘খুলনা মিউনিসিপ্যাল কমিটি’ রাখা হয়। এই সময়ে পৌর এলাকার আয়তন ৪.৬৪ বর্গমাইল থেকে বাড়িয়ে ১৪.৩০ বর্গমাইলে উন্নীত করা হয় এবং শহরকে ১৪টি ওয়ার্ডে বিভক্ত করে ২৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হয়। ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী এর নাম আনুষ্ঠানিকভাবে ‘খুলনা পৌরসভা’ রাখা হয়। স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালে অনুষ্ঠিত খুলনা পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন বিশিষ্ট ভাষাসৈনিক গাজী শহীদুল্লাহ। তাঁর সময়েই শহরের প্রাণকেন্দ্র শহীদ হাদিস পার্কে ঐতিহাসিক শহীদ মিনার নির্মিত হয় এবং নাগরিক অবকাঠামোর ব্যাপক উন্নয়ন সাধিত হয়। খুলনা পৌরসভার ইতিহাসে সবচেয়ে বড় মাইলফলক আসে ১৯৮৪ সালে। পৌরসভা প্রতিষ্ঠার শতবর্ষপূর্তি উপলক্ষে ১৯৮৪ সালের ১২ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ খুলনা পৌরসভা- কে ‘খুলনা মিউনিসিপ্যাল করপোরেশন’ হিসাবে উন্নীত করেন। এর ছয় বছর পর ১৯৯০ সালের ৬ আগস্ট এটি পূর্ণাঙ্গ ‘খুলনা সিটি করপোরেশন’ (কেসিসি) -এর মর্যাদা লাভ করে। পরবর্তী সময়ে ১৯৯৫ সালে শহীদ হাদিস পার্কের বিপরীতে আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত হয় দৃষ্টিনন্দন ‘খুলনা নগর ভবন’।

১৮৮৪ সালে মাত্র পাঁচটি মহল্লা নিয়ে যে ছোট পরিসরে মিউনিসিপ্যাল বোর্ডের যাত্রা শুরু হয়েছিল, সময়ের পরিক্রমায় তা আজ বাংলাদেশের অন্যতম প্রধান বিভাগীয় মহনগরী। খুলনা পৌরসভার সেই প্রাচীন প্রশাসনিক ভিত্তিই আজকের আধুনিক গতিশীল ও ঐতিহ্যবাহী খুলনা শহরের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে চলেছে।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]