ঝরা পাতার ভাঁজে নতুন আশা

‘ঝরা পাতার শব্দে শব্দে, বসন্ত আসে নিঃশব্দে’ শক্তি চট্টোপাধ্যায়ের এই কথা এখন প্রকৃতির সর্বত্র লক্ষ্য করা যাচ্ছে। এই পঙ্‌ক্তির মতোই বসন্ত আসে নীরবে। কিন্তু তার উপস্থিতি চারপাশকে বদলে দেয় গভীরভাবে। শীতের বিষণ্নতা কাটিয়ে তোলে। প্রকৃতির বুকে জমে থাকা ক্লান্তি, আর একঘেয়েমিকে সরিয়ে দিয়ে বসন্ত নিয়ে আসে রং, গন্ধ ও নতুন প্রাণের আহ্বান। বাংলার ঋতুচক্রে বসন্ত কেবল একটি ঋতু নয়। এ যেন আমাদের মধ্যে নতুন বার্তা নিয়ে আসে।

শীতের শেষ প্রান্তে দাঁড়িয়ে সূর্যের আলো একটু উষ্ণ হয়। বাতাসে মিষ্টি ঘ্রাণ। প্রকৃতি জানিয়ে দেয় বসন্তের আগমন। গাছের ডালে ডালে নতুন কুঁড়ি, মাঠজুড়ে হলুদ শর্ষে ফুল, কৃষ্ণচূড়া-পলাশের আগুনরাঙা ডানা। কিংবা বাগানবিলাসের বিলাসিতা—সব মিলিয়ে বাংলার বসন্ত যেন এক জীবন্ত চিত্রকলা। মাটির ওপর ঝরে পড়া শুকনা পাতা আর রঙিন ফুলের পাপড়ি পথঘাটকে ঢেকে দেয় এক অদ্ভুত সৌন্দর্যে। যেন ফুলের কার্পেট বিছিয়ে নতুনত্বের আগমনকে স্বাগতম জানাচ্ছে। কখনো গোলাপি, কখনো হলুদ, কখনো লাল—এই রঙের আস্তরণ যেন প্রকৃতির নিজস্ব কার্পেট।

বসন্ত মানেই শুধু প্রকৃতির পরিবর্তন নয়। মানুষের মনও বদলে যায় এই সময়ে। শীতের জড়তা কাটিয়ে মানুষ নতুন করে ভাবতে শেখে, নতুন স্বপ্ন দেখে। রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ—সবার লেখায় বসন্ত কখনো উচ্ছ্বাস, কখনো বিষণ্নতা, কখনো আবার নিঃশব্দ অপেক্ষা। মাঠে মাঠে ফসলের সবুজ, আমগাছে মুকুলের গন্ধ, পাখির ডাক—সব মিলিয়ে বসন্ত হয়ে ওঠে প্রাণবন্ত। কৃষকের চোখে বসন্ত মানে আশার আলো। নতুন ফসলের স্বপ্ন, ভালো ফলনের প্রত্যাশা। আবার শহরে বসন্ত আসে ভিন্নভাবে। ফুটপাতে ঝরে থাকা ফুল, পার্কে হাঁটতে আসা মানুষের ভিড়—বসন্ত আমাদের শেখায়, পরিবর্তন স্বাভাবিক, ঝরে যাওয়াও জীবনের অংশ। আবার নতুন করে গজিয়ে ওঠাই জীবনের সত্য।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

তবে বসন্তের মধ্যেও থাকে একধরনের ক্ষণস্থায়িত্বের বেদনা। বিষণ্ন দুপুরে দূরে কোথাও একটানা পাখির ডাক। সেই সুরে অচেনা এক শূন্যতায় হারিয়ে যায় মন। বসন্তে ফুল ফোটে, আবার ঝরে যায়; এই ঝরে পড়ার মধ্যেই লুকিয়ে আছে জীবনের গভীর দর্শন। বসন্ত আমাদের মনে করিয়ে দেয়, সৌন্দর্য চিরস্থায়ী নয়, কিন্তু তার প্রভাব দীর্ঘস্থায়ী। হয়তো সেই কারণেই বসন্ত মানুষকে এতটা স্পর্শ করে। একমুঠো নরম রোদ, কিছু ঝরা পাপড়ি, হালকা বাতাস। এই সামান্য জিনিসই মনকে ভরে দেয় প্রশান্তিতে। পুরোনোকে ঝরিয়ে নতুনকে বরণ করার সাহসই বসন্তের মূল শিক্ষা। প্রতিবছর বসন্ত আসে, আর আমাদের মনে করিয়ে দেয়, জীবন মানেই নতুন করে শুরু করার নাম।

লেখক: সাইয়্যেদা গালিবা রুহি, শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়