ভিকারুননিসায় শুরু হচ্ছে নারী উদ্যোক্তাদের মিলনমেলা ‘ভিকিস মিনা বাজার ২০২৬’
ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন ৬ ও ৭ মার্চ নারী শিক্ষার অগ্রদূত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বেইলি রোডস্থ প্রধান ক্যাম্পাস অডিটরিয়ামে আয়োজন করতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘ভিকিস মিনা বাজার ২০২৬’।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৭৫ বছর পদার্পণ উপলক্ষে বছরব্যাপী উদ্যাপনের অংশ হিসেবে এবং ৮ মার্চ বিশ্ব নারী দিবস সামনে রেখে ভিকারুননিসার নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে এই বিশেষ মেলার আয়োজন করা হয়েছে।
এবারের মিনা বাজারে ভিকি নারী উদ্যোক্তাদের পরিচালিত প্রায় ৪৫টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে আভিজাত্যের ছোঁয়া নিয়ে থাকছে দেশি-বিদেশি শাড়ি, তৈরি পোশাক, আধুনিক জুয়েলারি, প্রসাধনী, ঘর সাজানোর সামগ্রীসহ বৈচিত্র্যময় পণ্য। এ ছাড়া রমজান মাস হওয়ায় দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ আয়োজন।
এই আয়োজনে ৬ মার্চ (শুক্রবার) মিনা বাজারের শুভ উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
এ ছাড়া সমাপনী দিনে অর্থাৎ ৭ মার্চ (শনিবার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়) মাহদী আমীন। এ ছাড়া উপস্থিত থাকবেন স্কুল ও কলেজের প্রধান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাজেদা বেগম, শাখাপ্রধান, শিক্ষকেরা, ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও নির্বাহী পরিচালকসহ ইসি, এফবিটির সব সদস্য এবং প্রাক্তন ও বর্তমান ছাত্রীরা।
এই মিনা বাজার মূলত নারী উদ্যোক্তাদের নিজেদের পণ্য প্রদর্শনী ও বিপণনের একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। ৫০ টাকার টিকিট মূল্যসহ প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে মেলা চলবে রাত ৮টা পর্যন্ত।
নাগরিক সংবাদ-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]